নিখোঁজ সংবাদ
তোমরা আমায় ভালোবাসার কবি হতে বলেছো!
অথচ, একটি কবিতার জন্য
কল্পনার কলমে শত সহস্র গ্যালন কালি ঢেলে,
কাগজের পাহাড় যেন আকাশ ছুঁয়ে গেল,
তবু দুটি অক্ষর লেখা হলো না।
আমি ক্রোশের পর ক্রোশ পথ হেঁটে
প্রথম আষাঢ় এর ভেজা কদম দেখে
পূর্ণ যৌবণা জ্যোৎস্নায় করেছি স্নান
তবু কবিতার ছন্দ আমার এলোনা।
ম্রিয়মাণ সূর্যের আলোয় স্বর্ণালি গোধূলির
দিকে অপলক চেয়ে, ভালোবাসার গান গাইবার
চেষ্টা করলাম; সুর এলো না।
তোমরা আমায় ভালোবাসার কবি হতে বলেছো!
আষাঢ়ের ভেজা কদমে আমি প্রেম দেখিনি
দেখেছি আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত
সদ্য ভূমিষ্ট শিশুর আর্তনাদ!
কী পবিত্র নিষ্পাপ মুখশ্রী,
যন্ত্রণায় কাতর কণ্ঠের বাঁচার আকুতিতে
আমি ভুলে গেছি ভালোবাসার মানে।
সারা শরীর ঘেন্নায় ঘিন ঘিন করে ওঠে,
অজান্তেই নিজের শরীরে
থুথু ছিটাই; আমি মানুষ বলে।
জ্যোৎস্নাস্নানে ভিজে আমি প্রেমিক হতে চেয়েছি
মধ্যরাতের চাঁদে, বিশ্বাস কর, আমি প্রেম দেখিনি-
জ্যোৎস্নার দিপালীতে আমি বারুদের গন্ধ পাই
বিকট শব্দে কালো ধোঁয়ায় ছেয়ে যায় আকাশ
বুনো শকুনের অট্টহাসিতে চাপা পড়ে
হাজারো শিশুর বাবা মায়ের কোলে ফেরার
আর্ত চিৎকার!
অসহ্য যন্ত্রনায় আমার দম বন্ধ হয়ে আসে।
কিছুই লেখা হয়নি বলে, অভিধান খুলে
ভালোবাসার মানে খুঁজতে বসলাম।
ভোর হয়ে এলো, সবগুলো পাতা তন্ন করে
খুঁজে দেখলাম বারংবার;
আশ্চর্য, অভিধানের পাতায়
ভালোবাসা শব্দটি মুছে গেছে।…
