“পরিণত হওয়ার অহংকারে নিজের ভেতরের শিশুটাকে হারিয়ে ফেলবেন না”-ডাঃ আকসাদ আল মাসুর আনন  

ডাঃ আকসাদ আল মাসুর আনন  
শেয়ার করুন:
“পরিণত হওয়ার অহংকারে নিজের ভেতরের শিশুটাকে হারিয়ে ফেলবেন না”-
মানুষের বয়স বাড়ে, ক্যালেন্ডারের পাতা বদলায়, অভিজ্ঞতার ঝুলি ভারী হয়,কিন্তু তার মানে এই নয় যে হৃদয়ের প্রতিটি কোণকে কঠিন পাথরে পরিণত করতে হবে। জীবনের সবচেয়ে বড় ভুলগুলোর একটি হলো, সব অনুভূতিকে যুক্তির দাঁড়িপাল্লায় মাপতে শেখা। কারণ কিছু সম্পর্ক, কিছু মুহূর্ত, কিছু মানুষ তাদের সৌন্দর্যই লুকিয়ে থাকে একটু সরলতায়, একটু বোকামিতে, একটু শিশুসুলভ উচ্ছ্বাসে।আজকাল “maturity” শব্দটির ব্যবহার এমন এক পর্যায়ে পৌঁছেছে যে, মানুষ হাসার আগেও ভাবে, ভালোবাসার আগেও হিসেব করে, নিজের অনুভূতি প্রকাশ করার আগেও নিজের ভাবমূর্তি নিয়ে চিন্তা করে। যেন আবেগ প্রকাশ করা দুর্বলতা, আর সবকিছু নিয়ন্ত্রণে রাখাই পরিণত হওয়ার একমাত্র প্রমাণ।আমি এমন মানুষও দেখেছি, যারা হাসতেও ভয় পায়,পাছে কেউ তাকে immature ভাবে। আনন্দ প্রকাশ করার আগেও যেন একটা অদৃশ্য অনুমতির দরকার হয়। প্রতিটি কথার আগে হিসেব কষে,এটা বলা উচিত কি না, এভাবে বলা ঠিক হবে কি না। ধীরে ধীরে তারা এতটাই “পরিণত” হয়ে ওঠে যে, তাদের ভেতরের স্বাভাবিক মানুষটাই কোথায় যেন হারিয়ে যায়।সবচেয়ে মজার বিষয় হলো, কিছু মানুষ সম্পর্ককেও একটা পরীক্ষার খাতা বানিয়ে ফেলে। কোনটা mature, কোনটা immature,কোন আচরণ গ্রহণযোগ্য, কোনটা নয়,সবকিছুরই যেন একটা মাপজোক চাই। অথচ তারা ভুলে যায়, সম্পর্ক কোনো অফিসের নিয়মাবলী নয়, যেখানে প্রতিটি অনুভূতির জন্য আলাদা অনুমোদন লাগবে। কিছু সম্পর্ক বেঁচে থাকে কারণ সেখানে হিসেব কম, আর অনুভূতি বেশি।
সব সম্পর্ককে জোর করে গম্ভীর করে তুললে, তার স্বাভাবিক সৌন্দর্যটাই নষ্ট হয়ে যায়। কিছু সম্পর্ক নদীর মতো,তাকে অতিরিক্ত নিয়ন্ত্রণ করতে গেলে তার স্রোত হারিয়ে যায়।সেখানে একটু অভিমান, একটু দুষ্টুমি, একটু অকারণ হাসি, একটু পাগলামিই সম্পর্কের আসল প্রাণ।
অনেকেই বয়স বাড়ার সঙ্গে সঙ্গে নিজের ভেতরের শিশুটাকে লুকিয়ে ফেলেন। ভাবেন, সরলতা মানুষকে ছোট করে। কিন্তু সত্যিটা হলো ,যে মানুষ এখনও কোনো ছোট্ট আনন্দে খুশি হতে পারে, কোনো আপনজনের সঙ্গে নির্ভয়ে হাসতে পারে, সে-ই জীবনের আসল স্বাদ বোঝে।তবে শিশুসুলভ হওয়া আর অপরিণত হওয়া এক জিনিস নয়। অপরিণত মানুষ নিজের কাজের দায় নিতে শেখে না, আর পরিণত মানুষ জানে কোথায় গভীর হতে হবে, আর কোথায় একটু পাগল হয়ে বাঁচতে হবে। আসল maturity হলো এই পার্থক্যটা বোঝা কারণ সব মুহূর্ত serious নয়, সব কথার মধ্যে গভীর অর্থ খুঁজতে হয় না, আর সব সম্পর্ক maturity এর পরীক্ষায় পাশ করার জন্য তৈরি হয় না। কিছু সম্পর্ক শুধু চায়,একটু আন্তরিকতা, একটু হাসি, আর এমন একজন মানুষ যে এখনও পুরোপুরি পৃথিবীর মতো কঠিন হয়ে যায়নি।
আপনি কোথায় immature হতে পারবেন,সেটাই আপনার প্রকৃত maturity এর পরিচয়। কারণ নিজের ভেতরের শিশুটাকে বাঁচিয়ে রাখতে পারা মানুষই জীবনের সবচেয়ে সুন্দর অনুভূতিগুলোকে সত্যিকারের অনুভব করতে পারে।
লেখক –
ডাঃ আকসাদ আল মাসুর আনন
পাবনা।
শেয়ার করুন: