ঢাকায় প্রতিমন্ত্রীর সঙ্গে আনসার-ভিডিপি মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ
এ কে খান পিভিএম :
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, এমপি’র সঙ্গে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ সৌজন্য সাক্ষাৎ করেছেন। রোববার ঢাকায় প্রতিমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।সাক্ষাৎকালে দেশের বিভিন্ন বিমানবন্দরে দায়িত্ব পালনরত অঙ্গীভূত ও ব্যাটালিয়ন আনসার সদস্যদের সার্বিক কল্যাণ, কর্মপরিবেশ এবং দায়িত্ব পালনের বাস্তব চ্যালেঞ্জ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষ করে সদস্যদের আবাসন সুবিধা বৃদ্ধি, বিস্তৃত ডিউটি পোস্টে যাতায়াতের জন্য সুশৃঙ্খল পরিবহন ব্যবস্থা নিশ্চিতকরণ এবং প্রয়োজনীয় লজিস্টিক সহায়তা জোরদারের বিষয়টি গুরুত্ব পায়। আলোচনায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বহুল প্রতীক্ষিত তৃতীয় টার্মিনালও প্রাধান্য পায়। এ টার্মিনালে অঙ্গীভূত আনসার সদস্যদের মোতায়েন নিশ্চিত করার বিষয়ে উভয় পক্ষ গুরুত্বারোপ করেন। প্রতিমন্ত্রী এ বিষয়ে ইতিবাচক মনোভাব ব্যক্ত করে প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেন। এ সময় প্রতিমন্ত্রী বিমানবন্দরগুলোর নিরাপত্তা ও যাত্রীসেবায় আনসার সদস্যদের নিষ্ঠা, পেশাদারিত্ব ও দক্ষতার প্রশংসা করেন। তিনি বলেন, বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থাপনায় আনসার সদস্যরা একটি নির্ভরযোগ্য ও অপরিহার্য অংশীদার। তাদের কল্যাণ ও সক্ষমতা বৃদ্ধি দেশের সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে। উল্লেখ্য, দেশের সব বিমানবন্দরে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা এভিয়েশন সিকিউরিটির আওতায় সমন্বিত নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছেন। নিরাপত্তা তল্লাশি, স্থাপনা সুরক্ষা, চোরাচালান ও মাদক নিয়ন্ত্রণ, শৃঙ্খলা রক্ষা, ট্রাফিক ব্যবস্থাপনা এবং জরুরি পরিস্থিতি মোকাবিলায় তারা ধারাবাহিকভাবে পেশাদারিত্বের স্বাক্ষর রেখে চলেছেন।
ঢাকায় প্রতিমন্ত্রীর সঙ্গে আনসার-ভিডিপি মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ
