জাবি প্রতিনিধি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) এক নারী শিক্ষার্থীর সঙ্গে অসদাচরণের ঘটনায় শিক্ষার্থীরা ঢাকা-আরিচা মহাসড়কে রাজধানী পরিবহনের প্রায় ৩৫টি বাস আটকে রাখেন। বুধবার (১১ ডিসেম্বর) সন্ধ্যা ছয়টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনের সড়কে শিক্ষার্থীরা এই কর্মসূচি শুরু করেন।
ভুক্তভোগী শিক্ষার্থীর নাম শাহমিনা দিতি। তিনি তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইন্সটিটিউটের ৪৯ ব্যাচের ছাত্রী। ঘটনার জন্য অভিযুক্ত বাসটির নম্বর (ঢাকা মেট্রো-ব ১২-৩০৪৪)।
শাহমিনা জানান, বিকেল সাড়ে তিনটার দিকে তিনি জয় বাংলা গেট থেকে নবীনগরের উদ্দেশ্যে রাজধানী পরিবহনের একটি বাসে উঠেন। এ সময় বাসের কনট্রাক্টর তার সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন। বাসে পর্যাপ্ত জায়গা না থাকা সত্ত্বেও তাকে সরে গিয়ে এক লাইনে দাঁড়ানোর নির্দেশ দেন এবং উচ্চস্বরে কথা বলেন।
ঘটনার পরপরই রাজধানী পরিবহনের মালিকপক্ষের প্রতিনিধি সাভারের লাইনম্যান আব্দুল জব্বার খোকা ঘটনাস্থলে আসেন। তিনি জানান, শিক্ষার্থীদের অভিযোগের বিষয়ে অবগত হয়ে পরিস্থিতি সামাল দিতে এসেছেন। এ নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে আলোচনা চলছে।
জাবি শিক্ষার্থীর সঙ্গে অসদাচরণের প্রতিবাদে রাজধানী পরিবহনের ৩৫টি বাস আটকে দিল শিক্ষার্থীরা
