এম এ খালেক খান পিভিএম :
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রথম নারী অতিরিক্ত মহাপরিচালক হিসাবে পদোন্নতি লাভ করেছেন ফাতেমা সুলতানা।বাহিনীর ঢাকার সদর দপ্তর অডিটোরিয়াম রুমে ২৬ জুন তাকে র্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল খোন্দকার ফরিদ হাসান বিজিবিএম পিবিজিএম বার বিএএম এনডিসি।র্যাঙ্ক ব্যাজ পরিধান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাহিনীর উপমহাপরিচালক প্রশাসন কর্নেল মোঃ নাজিম উদ্দিন,উপমহাপরিচালক অপারেশনস্ এ কে এম জিয়াউল আলম ও বাহিনীর বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা-কর্মচারী ও ব্যাটালিয়ন আনসার সদস্যবৃন্দ।
ফাতেমা সুলতানা ২২ জুন উপমহাপরিচালক হতে পদোন্নতি পেয়ে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রথম নারী অতিরিক্ত মহাপরিচালক হওয়ার গৌরব অর্জন করেন।তাঁর এ পদোন্নতিতে বাহিনীতে আরেকটি নতুন অধ্যায়ের সূচনা হলো।এর আগে তিনি ঢাকা রেঞ্জের,রেঞ্জ কমান্ডার উপমহাপরিচালক হিসাবে দায়িত্ব পালন করেন। তিনি ৮ম বিসিএস এর মাধ্যমে ১৯৮৯ সালের ২০ ডিসেম্বর সহকারী পরিচালক হিসাবে আনসার ক্যাডারে যোগদান করেন।ফাতেমা সুলতানা চাঁদপুর জেলাধীন মতলব উপজেলার লুধুয়া গ্রামের বাসিন্দা।তিনি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রাক্তন মহাপরিচালক মরহুম সুলতান আহম্মেদ খান ও বেগম জাহানারা খানের গর্বিত সন্তান। ব্যক্তি জীবনে তিনি বিবাহিত।তাঁর স্বামী একজন ব্যাংকার ছিলেন ও তিনি এক পুত্র সন্তানের জননী।
