
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণকে অতুলনীয় উল্লেখ করে বলেছেন, তাঁর এই ভাষণ বিশ্বের সকল স্বাধীনতাপ্রিয় মানুষের জন্য প্রেরণার উৎস।
শেখ হাসিনা আজ এখানে এক সেমিনারে প্রধান অতিথির ভাষণে এ কথা বলেন। তিনি বলেন, ‘এখন সমগ্র বাঙালি জাতি এর জন্য গর্বিত। এই ভাষণ ১৯৭৫ সালের পর দীর্ঘ ২১ বছর হারিয়ে গিয়েছিলো এবং যা মুছে ফেলার অপচেষ্টা করা হয়েছিলো, আমরা আমাদের সেই ‘হারানো মানিক’ ফিরে পেয়েছি।’
তিনি বলেন, কেবলমাত্র আমাদের জন্যই নয়, বিশ্বের সকল স্বাধীনতাপ্রিয় মানুষের জন্য এই ভাষণ প্রেরণার উৎস।’ ফলে বিশ্বের সকল দেশ এই ঐতিহাসিক ভাষণ অনুসরণ করতে পারে।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি ট্রাস্ট আজ বিকেলে নগরীর বাংলাদেশ কৃষিবিদ ইনস্টিটিউটে ‘ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ ও বঙ্গবন্ধুর রাজনৈতিক প্রজ্ঞা’ শীর্ষক এক সেমিনারের আয়োজন করে।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন এমিরিটাস অধ্যাপক ড. আলমগীর মোহাম্মদ সিরাজউদ্দিন। এর ওপর আলোচনা করেন এশিয়ান এজ্্-এর সহযোগী সম্পাদক সৈয়দ বদরুল আলম ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আকসাদুল আলম।
সেমিনারে স্বাগত বক্তব্য দেন স্মৃতি ট্রাস্টের সদস্য সচিব শেখ হাফিজুর রহমান। ধন্যবাদ জ্ঞাপন করেন ট্রাস্টের সিইও মাশুরা হোসেন।
প্রধানমন্ত্রী বলেন, বাঙালি জাতি ছাড়া বিশ্বের আর কোনো জাতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে দীর্ঘ ২৩ বছরের এ ধরনের সফল অসহযোগ আন্দোলন করতে পারেনি।
তিনি বলেন, স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধের সময়ে প্রতিপক্ষ ছিলো আল-বদর, রাজাকার ও স্বাধীনতা বিরোধী শক্তি। তারা ১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে হত্যার পর ক্ষমতা দখল করে উন্নয়নের গতি থামিয়ে দিয়েছিলো এবং ইতিহাস বিকৃতি করে। কিন্তু, এখন বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় স্থান করে নিয়েছে এবং এখন এটি সর্বকালের অন্যতম শ্রেষ্ঠ ভাষণ।
শেখ হাসিনা বলেন, বঙ্গবন্ধুর এই ভাষণ একটি অসহযোগ আন্দোলনকে সশস্ত্র বিপ্লবে পরিণত করে। এই ভাষণ নয় মাসের রক্তক্ষয়ী স্বাধীনতা যুদ্ধের সময়ে মুক্তিযোদ্ধাসহ দেশের সকল মানুষকে অনুপ্রাণিত করেছে।
প্রধানমন্ত্রী যুদ্ধাপরাধীদের বিচার ও বঙ্গবন্ধুর খুনিদের শাস্তি প্রদানের উল্লেখ করে বলেন, তাঁর সরকার দেশের জনগণের অর্থনৈতিক মুক্তির জন্য কাজ করে যাবে। বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণেও এটি উল্লেখ করা হয়।
তিনি বলেন, আমরা এগিয়ে যাচ্ছি এবং এগিয়ে যাবো, আমরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলবো।বাসস
