হবিগঞ্জের বানিয়াচংয়ে ১৯ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

শেয়ার করুন:

হবিগঞ্জের বানিয়াচংয়ে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় মেধা অনুযায়ী নির্বাচিত ১৯ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার দেওয়া হয়েছে।

সোমবার (২৮ জুলাই) সকাল ১১টায় বানিয়াচং লোকনাথ রমণ বিহারী সরকারি উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস (এসইডিপি) প্রকল্পের আওতায় আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা বেগম সাথী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা শিক্ষা কর্মকর্তা ফরিদা নাজমীন। স্বাগত বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) নুরুল হুদা।

সঞ্চালনায় ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার সম্পদ কান্তি দাশ তালুকদার ও একতা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মাধ্যমিক বিদ্যালয়ের জেলা সহকারী পরিদর্শক আমিনুল ইসলাম, জনাব আলী সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শামসুজ্জামান এবং শচীন্দ্র কলেজের সহকারী অধ্যক্ষ গৌতম সরকার।

শিক্ষকদের মধ্যে বক্তব্য দেন লোকনাথ রমণ বিহারী সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জাকির হোসেন, ইকরাম নন্দপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহসান হাবিব মানিক, রত্না উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু তাহের এবং শিক্ষক চৈতালী চক্রবর্তী।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বানিয়াচং প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাহিদুর রহমান, শিক্ষার্থী মো. শাকিব রহমান সালমান, মোস্তাকিম বিল্লাহ ও শাওকাতুন্নেছা খানম ইতু।

এ সময় উপস্থিত ছিলেন বানিয়াচং মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আব্দাল মিয়া, বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, অভিভাবক, কৃতি শিক্ষার্থী ও গণমাধ্যমকর্মীরা।

অনুষ্ঠান শেষে এসইডিপি প্রকল্পের পক্ষ থেকে উপজেলার ৩০টি মাধ্যমিক বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা সনদ ও ক্রেস্ট তুলে দেওয়া হয়। এ ছাড়া ২০২২-২৩ শিক্ষাবর্ষে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ ১১ জন শিক্ষার্থীকে ১০ হাজার টাকা এবং এইচএসসিতে উত্তীর্ণ ৮ জন শিক্ষার্থীকে ২৫ হাজার টাকা করে অনুদান দেওয়া হয়।

One attachment

শেয়ার করুন: