স্বপ্ন থেকে শিখরে: ৪৭তম বিসিএসে পুলিশ ক্যাডারে প্রথম, আনসার সদস্যের সন্তানকে সংবর্ধনা
এ কে খান পিভিএম:
৪৭তম বিসিএসের চূড়ান্ত ফলাফলে পুলিশ ক্যাডারে প্রথম স্থান অর্জন করেছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর একজন অঙ্গীভূত আনসার সদস্যের সন্তান মো. বাচ্চু রহমান। তার এ অসাধারণ সাফল্যকে সম্মান জানাতে সোমবার ৬ জুলাই যশোর জেলা আনসার ও ভিডিপি কার্যালয়ে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে যশোর জেলা আনসার ও ভিডিপির জেলা কমান্ড্যান্ট ও উপপরিচালক মাজহারুল ইসলাম ভূঁইয়া নব্য পুলিশ ক্যাডারে সুপারিশপ্রাপ্ত সহকারী পুলিশ সুপার এএসপি মো. বাচ্চু রহমানের হাতে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক তুলে দেন। এ সময় তিনি বলেন, একজন অঙ্গীভূত আনসার সদস্যের সন্তানের এ কৃতিত্ব শুধু একটি পরিবারের নয়, বরং বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রতিটি সদস্যের জন্য গর্বের। এ ধরনের সাফল্য বাহিনীর সদস্য ও তাদের সন্তানদের মধ্যে আত্মবিশ্বাস বাড়াবে এবং দেশসেবায় আত্মনিয়োগে নতুন প্রেরণা জোগাবে। সংবর্ধনা অনুষ্ঠানে মো. বাচ্চু রহমান তার সাফল্যের পেছনে বাবা-মায়ের অবদান গভীর কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন। তিনি বলেন, তার বাবা নজরুল ইসলাম বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর একজন অঙ্গীভূত আনসার সদস্য। বাবার কঠোর পরিশ্রম, সততা, শৃঙ্খলা ও আত্মত্যাগ তার জীবনের সবচেয়ে বড় প্রেরণা। পাশাপাশি পরিবারের নিরবচ্ছিন্ন সহযোগিতা এবং মহান আল্লাহর অশেষ রহমতেই তিনি এ সাফল্য অর্জন করতে পেরেছেন।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পক্ষ থেকে মো.বাচ্চু রহমানের উত্তরোত্তর সাফল্য, সুস্বাস্থ্য ও দীর্ঘ কর্মময় জীবন কামনা করা হয়। বাহিনীর মতে, তার এ অর্জন প্রমাণ করে যে সততা, অধ্যবসায়, শৃঙ্খলা ও পারিবারিক মূল্যবোধ একজন তরুণকে রাষ্ট্রীয় সেবার সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে দিতে পারে।
সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এ সাফল্য শুধু আনসার সদস্যদের সন্তানদের নয়, দেশের তরুণ প্রজন্মকেও উচ্চশিক্ষা, মেধা বিকাশ, দেশপ্রেম এবং সৎ ও দায়িত্বশীল রাষ্ট্রসেবক হিসেবে গড়ে ওঠার ক্ষেত্রে অনুপ্রাণিত করবে।
