শুরু হচ্ছে নপম সেরা প্রতিভা অন্বেষণ ২০২২

শেয়ার করুন:

শুরু হচ্ছে নপম সেরা প্রতিভা অন্বেষণ ২০২২

নিজস্ব প্রতিনিধি : সৃজনশীল মেধা বিকাশে পাবনা জেলার বৃহত্তম সৃজনশীল প্রতিভা অন্বেষণ কার্যক্রম ‘নপম সেরা প্রতিভা ২০২২’ এর বিজ্ঞাপন প্রকাশ করেছে স্বেচ্ছাসেবী সমাজকল্যাণ সংস্থা নবজাগরণ পাঠক মেলা। ২০১২ সাল থেকে ধারাবাহিকভাবে পাবনা জেলার সুজানগর উপজেলার সাগরকান্দিতে বইমেলা আয়োজন করে আসছে এই সংস্থা। শুরু থেকেই ছাত্রছাত্রীদের মাঝে সৃজনশীল চর্চা বৃদ্ধি ও মেধা বিকাশে বইমেলায় নানাবিধ প্রতিযোগিতামূলক আয়োজন করে আসছিলো নপম। ২০১৫ সাল থেকে এই প্রতিযোগিতার গুরুত্ব পাওয়ায় ও কার্যকর ফল উপলব্ধ হওয়ায় সেরা প্রতিভা অন্বেষণ নামকরণ করে আরো ছাত্রছাত্রীদের আগ্রহের কেন্দ্র বিন্দুতে নিয়ে আয়োজক সংগঠনটি।
এবছর বিজ্ঞাপন থেকে জানা যায়, সেরা প্রতিভা অন্বেষণে কোরআন তেলাওয়াত, কবিতা আবৃত্তি, সঙ্গীত, ব্যবহারিক বাংলা, মন থেকে মনন খুঁজি এবং কোথায় তার ঠিকানা শিরোনামে মোট ছয়টি বিষয়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এতে কোথায় তার ঠিকানা বিষয়ে দুটি গ্রুপ যথাক্রমে ক (ষষ্ঠ-অষ্টম) ও খ (নবম-দশম) থাকলে অন্যান্য বিষয়ে তিনটি গ্রুপ থাকছে। এই গ্রুপগুলো চিহ্নিত হচ্ছে ক (চতুর্থ-পঞ্চম), খ(ষষ্ঠ-অষ্টম), গ(নবম-দশম) হিসেবে। এই সকল প্রতিযোগিতায় নিবন্ধন ফি করা হয়েছে মাত্র ২০টাকা। প্রথম ও দ্বিতীয় পর্বের ৫১জন ও ১৭জন বিজয়ীর জন্য আকর্ষণীয় নানা রকম পুরস্কারসহ সেরা একাদশে থাকছে প্রথম জনের ৩০০০টাকা, দ্বিতীয় জনের ২০০০ টাকা, তৃতীয় জনের ১০০০ টাকা এবং আরো আট জনের ৫০০ টাকা করে আর্থিক সম্মাননা।
এছাড়াও চিত্রাঙ্কন (ক গ্রুপে প্লে-নার্সারি, খ গ্রুপে প্রথম-দ্বিতীয় ও গ্রুপে তৃতীয়-পঞ্চম শ্রেণি), রুবিক্স কিউব, দলগত কুইজ প্রতিযোগিতা থাকছে ছাত্রছাত্রীদের জন্য এবং শব্দ দিয়ে গল্প গড়ি ও গানে গানে প্রাণে প্রাণে শিরোনামে প্রতিযোগিতা দুটি থাকছে বইমেলার দর্শকদের জন্য। উল্লেখ্য ‘একাদশ নপম বইমেলা ২০২২’ নিয়ে নবজাগরণ পাঠক মেলার এই আয়োজন।

এ বিষয়ে নপম সভাপতি কবি ও সাংবাদিক রেজাউল করিম শেখ বলেন, ‘আমরা যখন এই বিস্তৃর্ণ প্রত্যন্ত অঞ্চলে নানা রকম সৃজনশীল ও সামাজিক কাজ শুরু করি, তখন এই বিষয়গুলো সকলের কাছেই এক প্রকার নতুন ছিলো। তারা এগুলো নিয়ে খুব সজাগ ছিলো না। কিন্তু সময়ের পরিক্রমায় শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবকের মধ্যেও ব্যাপক পরিবর্তন এসেছে। তারা বইমেলা ও সেরা প্রতিভা নিয়ে খুব কৌতুহলী। সকলের আগ্রহ ও ভালোবাসাই এখনো কাজ করার অনুপ্রেরণা জোগায় আমাদের। আমরা আমাদের সদস্য, শুভার্থী ও উপদেষ্টাবৃন্দসহ সকলের সমর্থনে এই কাজগুলো অব্যাহত রাখার চেষ্টা করছি। আর এখন সেরা একাদশের জন্য আর্থিক সম্মাননা থাকলেও মূলত বই-ই নপমের প্রধান ও গুরুত্বপূর্ণ উপহার সামগ্রী হিসেবে বিবেচ্য। বিগত এগারো বছর ধরে নানা কৌশলে মানুষের কাছে আমরা বই তুলে দিয়েছি। এখনো বই-ই আমরা মানুষের নিকট পৌঁছে দিতে সচেষ্ট।’
বইমেলা ও সেরা প্রতিভা নিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে ২০২০ সেরা প্রতিভা সাগরকান্দি রিয়াজ উদ্দিন উচ্চ বিদ্যালয় হতে এসএসসি পাশ করা অরিশা আফরিন তিশা বলেন, ‘নপম খুঁজে খুঁজে মেধাবীদের বের করে আনে এবং সমাজের সামনে তুলে ধরে। নপম না থাকলে হয়তো আমরা এই সুযোগ পেতাম না।’ অপরদিকে বেড়া বিতর্ক চর্চা কেন্দ্র প্রতিযোগিতায় অংশ নিয়ে ২০২১ সেরা প্রতিভা সামিহা তাসনিম ইরা বলেন, ‘বাংলাদেশের একটি পিছিয়ে পড়া জনগোষ্ঠির অংশ আমরা। সেখান থেকে নপম-এর মাধ্যমে বইমেলা ও সেরা প্রতিভার মতো একটি আয়োজনে অংশ নিয়ে নিজের অর্জন আনন্দ দিচ্ছে। আমরা এখন আমাদের পরবর্তীদের উৎসাহ দিচ্ছি।’ সেরা প্রতিভা ২০২০ ও ২০২১ এর দুটি সেশনেই বিজয়ী পূজা বিশ্বাস বলেন, ‘আসলে আমার খুবই ভালো লেগেছে। আমিও অন্যদের এখন উৎসাহ দিতে কাজ করছি।’ উচ্ছ্বাস প্রকাশ করে নপম প্রধান উপদেষ্টা কবি ও কথা সাহিত্যিক রসায়নের সহযোগি অধ্যাপক আখতার জামান বলেন, এই এতো বছর ধরে নানা সংকট মোকাবেলায় সম্মিলিতভাবে আমরা এই আয়োজনটি করে যাচ্ছি, এই নিয়ে আনন্দ হয়। তাছাড়া এই সংগঠনের উদ্যোক্ত ও অন্যান্য সদস্যদের অধিকাংশই আমরা ছাত্র, ‘এখন যারা এই প্রতিযোগিতার মাধ্যমে পুরস্কৃত হচ্ছে তারাও এক সময়ে আমার ছাত্র হচ্ছে। তারা কলেজে পড়তে এসে দেখা করে তাদের অর্জন ও আনন্দ আমাকে যখন জানায়, তখনও খুব ভালো লাগে। যারা এবার অংশ নিবে সকলের জন্য আমার শুভ কামনা রইলো।’

শেয়ার করুন: