রংপুর সদর উপজেলায় আনসার-ভিডিপি’র উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত
এ কে খান :
প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা, পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব থেকে দেশকে রক্ষা পেতে রংপুর সদরে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্যোগে এক বর্ণাঢ্য বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বুধবার ৩০ সেপ্টেম্বর রংপুর সদর উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদের দিক নির্দেশনায় ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর রংপুর রেঞ্জের, রেঞ্জ কমান্ডার উপ-মহাপরিচালক মোহাম্মদ আবদুল আউয়াল’র সার্বিক সহযোগিতায় রংপুর জেলাজুড়ে এ সবুজায়ন কার্যক্রম পরিচালিত হচ্ছে।অনুষ্ঠানে রংপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চারা রোপণের মাধ্যমে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। প্রধান অতিথির বক্তব্যে সদর উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় বৃক্ষ রোপণের কোনো বিকল্প নেই। গাছ কেবল পরিবেশই রক্ষা করে না, বরং মানুষের জীবন ও জীবিকার সঙ্গেও ওতপ্রোতভাবে জড়িত। তবে শুধু গাছ লাগালেই চলবে না, রোপণকৃত চারার সঠিক পরিচর্যা ও সংরক্ষণ নিশ্চিত করতে হবে।তিনি আনসার-ভিডিপি সদস্যদের নিজ নিজ এলাকায় বৃক্ষরোপণের পাশাপাশি সাধারণ মানুষকেও এ কার্যক্রমে উৎসাহিত করার আহ্বান জানান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর সদর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মো. নাসিম হাসান এবং উপজেলা প্রশিক্ষক মো. নুরুজ্জামান শাহিন প্রমূখ।এছাড়া উপজেলার বিভিন্ন ইউনিয়নের আনসার-ভিডিপির দলনেতা, দলনেত্রী ও সাধারণ সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন।উপস্থিত আনসার-ভিডিপি কর্মকর্তা ও সদস্যরা পরিবেশ সুরক্ষায় এ ধরনের সামাজিক ও পরিবেশবান্ধব কার্যক্রম অব্যাহত রাখার এবং সাধারণ মানুষের মধ্যে বৃক্ষরোপণের গুরুত্ব ছড়িয়ে দেওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। ‘গাছ লাগাই, পরিবেশ বাঁচাই, সবুজে গড়ি সুন্দর বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এ কর্মসূচির মাধ্যমে একটি সবুজ, পরিচ্ছন্ন ও পরিবেশ বান্ধব সমাজ গঠনে আনসার-ভিডিপির প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করা হয়।
