মাশুন্দিয়া ভবানীপুর খন্দকার জোবেদা বেগম ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির ক্লাস উদ্বোধন ও নবীনবরণ

শেয়ার করুন:

নিজস্ব প্রতিনিধি:

পাবনার বেড়া উপজেলার মাশুন্দিয়া ভবানীপুর খন্দকার জোবেদা বেগম ডিগ্রি কলেজে উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষের ক্লাস উদ্বোধন ও নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সকাল ১০টায় কলেজের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দনের মাধ্যমে বরণ করে নেওয়া হয়। অনুষ্ঠানে শিক্ষক, গভর্নিং বডির সদস্য এবং বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী নয়ন মোল্লা। এরপর অনুষ্ঠানের সভাপতি কলেজের অধ্যক্ষ নজরুল ইসলাম খান স্বাগত বক্তব্য দেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন কলেজের সহকারী অধ্যাপক আরিফুল ইসলাম।

স্বাগত বক্তব্যে অধ্যক্ষ নজরুল ইসলাম খান নবীন শিক্ষার্থীদের কলেজে স্বাগত জানিয়ে বলেন, উচ্চশিক্ষার এ পর্যায় শিক্ষার্থীদের জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। নিয়মিত পড়াশোনা, শৃঙ্খলা, সময়ের সঠিক ব্যবহার এবং নৈতিক মূল্যবোধকে ধারণ করে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। তিনি শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে নিয়মিত উপস্থিতি, শিক্ষকদের নির্দেশনা অনুসরণ এবং সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণের আহ্বান জানান।

অনুষ্ঠানে বক্তব্য দেন কলেজের গভর্নিং বডির সদস্য মজিবর রহমান, কাজী মাসুদ, কাজী সাঈদ ও আলম সেখ। তাঁরা নবীন শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে তাদের শিক্ষাজীবনের সাফল্য কামনা করেন। বক্তারা বলেন, শুধু ভালো ফলাফল নয়, জ্ঞান, মানবিকতা, নৈতিকতা ও দেশপ্রেমের সমন্বয়ে শিক্ষার্থীদের নিজেদের গড়ে তুলতে হবে।

কলেজের শিক্ষকদের মধ্যে বক্তব্য দেন আবু সামা, মঞ্জুর রহমান, গোলাম মাহবুব, সুমন হোসেন ও রাকিবুল আমিন। তাঁরা নবীন শিক্ষার্থীদের উদ্দেশে উচ্চ মাধ্যমিক পর্যায়ের পড়াশোনার গুরুত্ব তুলে ধরেন এবং ভবিষ্যৎ লক্ষ্য নির্ধারণ করে নিয়মিত অধ্যবসায়ের মাধ্যমে এগিয়ে যাওয়ার পরামর্শ দেন।

বক্তারা আরও বলেন, কলেজজীবন শিক্ষার্থীদের ভবিষ্যৎ উচ্চশিক্ষা ও কর্মজীবনের ভিত্তি তৈরি করে। তাই শুরু থেকেই পাঠ্যবইয়ের পাশাপাশি জ্ঞানচর্চা, সাহিত্য-সংস্কৃতি, খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডে নিজেদের সম্পৃক্ত করতে হবে।

আলোচনা পর্ব শেষে শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে কবিতা আবৃত্তি ও সংগীতানুষ্ঠানের আয়োজন করা হয়। সাংস্কৃতিক পর্বে শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি আরও আনন্দমুখর হয়ে ওঠে।

নবীনবরণ অনুষ্ঠানে নতুন শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। শিক্ষক ও সিনিয়র শিক্ষার্থীরা নবাগতদের সঙ্গে শুভেচ্ছা ও মতবিনিময় করেন। এর মধ্য দিয়ে কলেজের নতুন শিক্ষাবর্ষে শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানো হয়।

শেয়ার করুন: