স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় ৬৯ পাবনা-২ সুজানগর-বেড়া আসনের সংসদ সদস্য এ কে এম সেলিম রেজা হাবিবকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। পাবনার বেড়া উপজেলার মাসুন্দিয়া খন্দকার জোবেদা বেগম ডিগ্রি কলেজের পক্ষ থেকে তাঁকে অভিনন্দন ও ফুলের শুভেচ্ছা জানানো হয়। শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে কলেজের অধ্যক্ষ মো. নজরুল ইসলাম খান বাবুর নেতৃত্বে একটি প্রতিনিধি দল সুজানগর উপজেলার মালিফা গ্রামে সংসদ সদস্যের নিজ বাসভবনে গিয়ে তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং ফুলেল শুভেচ্ছা জানান। সৌজন্য সাক্ষাৎকালে সংসদ সদস্য এ কে এম সেলিম রেজা হাবিব কলেজ প্রতিনিধি দলের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি শিক্ষক ও শিক্ষার্থীদের উদ্দেশ্যে বিভিন্ন দিকনির্দেশনামূলক পরামর্শ প্রদান করে বলেন, শিক্ষার গুণগত মান নিশ্চিত করার পাশাপাশি তরুণ প্রজন্মকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষকসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।অভিনন্দন জ্ঞাপনকালে অধ্যক্ষ মো. নজরুল ইসলাম খান বাবু প্রতিষ্ঠানের পক্ষ থেকে সংসদ সদস্যকে শুভেচ্ছা জানান এবং তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন। তিনি আশা প্রকাশ করেন, সেলিম রেজা হাবিবের গতিশীল নেতৃত্বে এই অঞ্চলে শিক্ষা ও সার্বিক অবকাঠামোগত উন্নয়নে এক নতুন মাত্রার যোগ হবে। এ সময় কলেজের গর্ভনিং বডির সদস্য মোঃ মজিবুর রহমান, কাজী মাসুদ আলী, মোঃ ইউসুফ আলী, সকল শিক্ষক মণ্ডলী, কর্মচারী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মী প্রমূখ উপস্থিত ছিলেন।
একেএম সেলিম রেজা হাবিব এমপি’কে মাসুন্দিয়া খন্দকার জোবেদা বেগম ডিগ্রি কলেজের শুভেচ্ছা|
