চরাঞ্চলে আলোর দিশারী বক্তারপুর কমিউনিটি ক্লিনিক: স্বাস্থ্যসেবায় এক অনন্য বিপ্লব

চরাঞ্চলে আলোর দিশারী বক্তারপুর কমিউনিটি ক্লিনিক: স্বাস্থ্যসেবায় এক অনন্য বিপ্লব
শেয়ার করুন:

চরাঞ্চলে আলোর দিশারী বক্তারপুর কমিউনিটি ক্লিনিক: স্বাস্থ্যসেবায় এক অনন্য বিপ্লব।

ফেরদৌস তপন। পাবনা, ০৫ নভেম্বর ২০২৬: বাংলাদেশের চরাঞ্চল ও প্রত্যন্ত অঞ্চলের অবহেলিত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কমিউনিটি ক্লিনিকগুলো এখন গ্রামীণ জনপদের মানুষের প্রাণ বাঁচানোর প্রধান ভরসা হয়ে উঠেছে। বর্তমানে সারা দেশে ১৩ হাজার ৬০০-এরও বেশি কমিউনিটি ক্লিনিক সাধারণ দরিদ্র ও খেটে খাওয়া মানুষের কাছে বেঁচে থাকার আশার আলো হিসেবে কাজ করছে। বিশেষ করে টিকাদান কর্মসূচি, শিশু স্বাস্থ্য এবং গর্ভবতী মায়েদের প্রসবপূর্ব ও প্রসবপরবর্তী সেবা কেন্দ্র হিসেবে এই ক্লিনিকগুলো দেশজুড়ে ব্যাপক প্রশংসিত হয়েছে। সম্প্রতি পাবনা জেলার বেড়া উপজেলার পুরান ভারাঙ্গা ইউনিয়নের বক্তারপুর কমিউনিটি ক্লিনিকে সরেজমিনে গিয়ে দেখা যায় গ্রামীণ স্বাস্থ্যসেবার এক চমৎকার ও বাস্তব চিত্র। সকাল থেকেই স্থানীয় সাধারণ মানুষ সুশৃঙ্খলভাবে লাইন ধরে সেবা নিচ্ছেন। বক্তারপুর কমিউনিটি ক্লিনিকে অত্যন্ত দক্ষতার সাথে দায়িত্ব পালন করছেন কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) মোসাম্মাৎ তাসলিমা আক্তার লতা। প্রতিদিনের সেবার পরিধি সম্পর্কে তিনি জানান, “প্রতিদিন সকাল ৯টা হতে দুপুর ২টা পর্যন্ত এখানে প্রচুর রোগী আসেন। আমরা সাধ্যমতো তাদের প্রাথমিক চিকিৎসাসহ প্রয়োজনীয় ওষুধ বিনামূল্যে প্রদান করি। প্রত্যন্ত অঞ্চলের মানুষের জন্য এটি একটি বড় আশ্রয়।” ক্লিনিকে সেবা নিতে আসা স্থানীয় প্রবীণ বাসিন্দা জনাব তজিম উদ্দিন অত্যন্ত আবেগপ্লুত কণ্ঠে বলেন, “এই হাসপাতাল হওয়াতে আমাদের মতো গরিব মানুষের যে কত বড় উপকার হয়েছে তা মুখে বলে শেষ করা যাবে না। প্রতিদিন মানুষ এখান থেকে উপকৃত হচ্ছে। আগে সামান্য জ্বর বা গ্যাসের ওষুধের জন্য শহরে দৌড়াতে হতো, এখন আর সেই কষ্ট নেই।” বিনামূল্যে মিলছে ডায়াবেটিস ও প্রেসারের ওষুধ বক্তারপুর কমিউনিটি ক্লিনিক থেকে বর্তমানে সাধারণ রোগের পাশাপাশি জটিল কিছু রোগের ওষুধও দেওয়া হচ্ছে। স্থানীয় রোগীরা এখান থেকে নিয়মিত পাচ্ছেন: • বিভিন্ন রকমের ভিটামিন সমৃদ্ধ ওষুধ ও পুষ্টি সহায়তা • খাবার স্যালাইন ও ডায়রিয়াজনিত ওষুধ • জ্বরের জন্য প্যারাসিটামল ও গ্যাস্ট্রিকের ওষুধ • মেট্রোনিডাজল ও অ্যান্টিবায়োটিক (প্রয়োজন সাপেক্ষে) • বিশেষ সংযোজন: বর্তমানে গ্রামীণ দরিদ্র মানুষের কথা চিন্তা করে এখান থেকে নিয়মিত ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপের (প্রেসার) ওষুধও বিনামূল্যে বিতরণ করা হচ্ছে। শহরের ওপর চাপ হ্রাস ও উজ্জ্বল ভবিষ্যৎ বক্তারপুর কমিউনিটি ক্লিনিকের মতো তৃণমূল পর্যায়ের এই স্বাস্থ্যসেবা কেন্দ্রের কারণে পাবনার বেড়া উপজেলার প্রত্যন্ত চরাঞ্চলের খেটে খাওয়া মানুষকে আর ছোটখাটো রোগের জন্য টাকা খরচ করে শহরে যেতে হচ্ছে না। এতে যেমন তাদের সময় ও অর্থ সাশ্রয় হচ্ছে, তেমনি শহরের বড় হাসপাতালগুলোর ওপর রোগীর বাড়তি চাপ কমছে। চিকিৎসাবঞ্চিত মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার এই নীরব বিপ্লব চরাঞ্চলের মানুষের জীবনযাত্রার মান উন্নত করতে অন্যতম প্রধান ভূমিকা পালন করছে।

শেয়ার করুন: