চট্টগ্রামে বন্যাদুর্গত মানুষের পাশে টিএমএসএস, ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ
এ কে খান :
দেশের শীর্ষ পর্যায়ের ও আন্তর্জাতিক মানের বেসরকারি উন্নয়ন সংস্থা টিএমএসএস’র উদ্যোগে চট্টগ্রামের বন্যাদুর্গত মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। দেশের বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজসেবক ও আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের পরিচালক অধ্যাপিকা ড.হোসনে-আরা বেগম প্রতিষ্ঠিত টিএমএসএস’র চট্টগ্রাম ডোমেইনের আওতাধীন বিভিন্ন শাখার উদ্যোগে সাম্প্রতিক টানা বৃষ্টি ও বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে এই মানবিক সহায়তা কার্যক্রম পরিচালিত হয়। ত্রাণ কার্যক্রমের আওতায় চট্টগ্রাম নগরের পাথরঘাটা, চকবাজার, বাকলিয়া ও চান্দগাঁও এলাকার কয়েকশত ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে প্রয়োজনীয় খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়। এ সময় টিএমএসএস-এর চট্টগ্রাম অঞ্চলের জোন, রিজিয়ন ও শাখা পর্যায়ের কর্মকর্তারা ত্রাণ বিতরণ কার্যক্রমে অংশ নেন।
টিএমএসএস সূত্রে জানা যায়, প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে শিক্ষা, স্বাস্থ্য, দারিদ্র্য বিমোচন, নারীর ক্ষমতায়ন এবং দুর্যোগকালীন মানবিক সহায়তাসহ বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। প্রতি বছরের ধারাবাহিকতায় এবারও বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়িয়ে প্রয়োজনীয় সহায়তা প্রদান করছে সংস্থাটি। টিএমএসএস’র প্রতিষ্ঠাতা অধ্যাপিকা ড. হোসনে-আরা বেগম বলেন, “টিএমএসএস একটি সামাজিক ও মানবিক প্রতিষ্ঠান। দেশের যে কোনো দুর্যোগে অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। সেই দায়িত্ববোধ থেকেই বন্যাদুর্গত মানুষের জন্য এই সহায়তা কার্যক্রম অব্যাহত রাখা হয়েছে।”চট্টগ্রাম ডোমেইন প্রধান উপপরিচালক মোঃ আব্দুর রাজ্জাক বলেন, “টিএমএসএস-এর পক্ষ থেকে আমরা সাধ্য অনুযায়ী বন্যাকবলিত মানুষের পাশে থাকার চেষ্টা করছি। ভবিষ্যতেও এই মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।”
