রংপুরে টিএমএসএস’র অর্জন পর্যালোচনা ও পরিকল্পনা নির্ধারণী সভা অনুষ্ঠিত

রংপুরে টিএমএসএস’র অর্জন পর্যালোচনা ও পরিকল্পনা নির্ধারণী সভা অনুষ্ঠিত
শেয়ার করুন:

রংপুরে টিএমএসএস’র অর্জন পর্যালোচনা ও পরিকল্পনা নির্ধারণী সভা অনুষ্ঠিত

এ কে খান :

দেশের শীর্ষ পর্যায়ের ও আন্তর্জাতিক মানের বেসরকারি উন্নয়ন সংস্থা টিএমএসএস’র অপারেশন-৪ রংপুর ডোমেইনের উদ্যোগে ২০২৫-২৬ অর্থবছরের অর্জন পর্যালোচনা ও ২০২৬-২৭ অর্থবছরের কর্মপরিকল্পনা নির্ধারণী সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩ আগস্ট) সকাল ৯টা থেকে দিনব্যাপী রংপুরের ব্র্যাক লার্নিং সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। টিএমএসএস’র প্রতিষ্ঠাতা বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজসেবক ও আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের পরিচালক অধ্যাপক ড. হোসনে-আরা বেগম প্রতিষ্ঠিত সংস্থাটির রংপুর ডোমেইনের প্রধান সহকারী পরিচালক মো. সাহিন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন টিএমএসএস’র সেক্টর প্রধান ও উপ-নির্বাহী পরিচালক-৩ মো. সোহরাব আলী খান।
প্রধান অতিথির বক্তব্যে মো. সোহরাব আলী খান বলেন, বর্তমান তরুণ প্রজন্মের মধ্যে নতুন উদ্যোক্তা সৃষ্টি এবং কর্মসংস্থান সম্প্রসারণে টিএমএসএস নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এ লক্ষ্য বাস্তবায়নে মাঠপর্যায়ের কর্মকর্তাদের আরও আন্তরিক, দক্ষ ও উদ্ভাবনী ভূমিকা পালনের আহ্বান জানান তিনি। তিনি বলেন, টিএমএসএস লাভের উদ্দেশ্যে নয়, বরং সেবার মানসিকতা নিয়ে দেশের প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে দীর্ঘদিন ধরে কাজ করছে। পাশাপাশি খেলাপি ও মেয়াদোত্তীর্ণ ঋণ আদায় জোরদার এবং সম্ভাবনাময় নতুন প্রকল্প চিহ্নিত করে ঋণ বিতরণ কার্যক্রম আরও সম্প্রসারণের নির্দেশনা দেন। সভায় রংপুর ডোমেইনের ২০২৫-২৬ অর্থবছরের অর্জন, কার্যক্রমের অগ্রগতি এবং আগামী ২০২৬-২৭ অর্থবছরের কর্মপরিকল্পনা তুলে ধরে বিস্তারিত প্রতিবেদন উপস্থাপন করেন ডোমেইন প্রধান সকারী পরিচালক মো. সাহিন মিয়া। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন টিএমএসএস’র উপদেষ্টা আয়শা বেগম, নির্বাহী উপদেষ্টা মো. আতাউল রহমান, অপারেশন অ্যান্ড উন্নয়ন পরিচালক মো. রেজাউল করিম, যুগ্ম পরিচালক মো. কামরুজ্জামান এবং নির্বাহী সচিবালয়ের উপপরিচালক মো. শাফি পারভেজ প্রমূখ।
বক্তারা টিএমএসএস’র প্রতিষ্ঠার লক্ষ্য ও দর্শন, নারীর ক্ষমতায়ন, সামাজিক দায়বদ্ধতা, মানবিক কার্যক্রম এবং উদ্যোক্তা উন্নয়ন বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা দেন। একই সঙ্গে কর্মকর্তাদের সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান। তারা সামাজিক ও মানবিক কার্যক্রম আরও কার্যকরভাবে প্রান্তিক জনগোষ্ঠীর কাছে পৌঁছে দিতে মাঠপর্যায়ের কর্মকর্তাদের সক্রিয় ভূমিকার উপর গুরুত্বারোপ করেন। ফোকাল পারসোন যুগ্ম পরিচালক মো. কামরুজ্জামান বলেন, বর্তমান প্রযুক্তিনির্ভর বিশ্বে তথ্যপ্রযুক্তি দক্ষতার বিকল্প নেই। আধুনিক প্রযুক্তির সঙ্গে নিজেদের সম্পৃক্ত করে উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করতে হবে।
সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে টিএমএসএস’র প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক অধ্যাপক ড. হোসনে-আরা বেগম সদস্যদের সঞ্চয়ের নিরাপত্তা নিশ্চিত করা, সুশাসনের ক্ষেত্রে শূন্য সহনশীলতা বজায় রাখা, নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জন এবং সর্বক্ষেত্রে সততা ও জবাবদিহিতা নিশ্চিত করার উপর গুরুত্বারোপ করেন। দিনব্যাপী কর্মশালায় রংপুর ডোমেইনের আওতাধীন চারটি জোনের প্রধান, ১৫টি রিজিয়নের প্রধান এবং ৯০টি শাখা প্রধান অংশ গ্রহণ করেন। এতে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে ডোমেইনের ভূমিকা, নতুন কৌশল ও প্রযুক্তির ব্যবহার, বিদ্যমান চ্যালেঞ্জ মোকাবিলা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। দলভিত্তিক আলোচনা, কেস স্টাডি ও ব্যবহারিক অনুশীলনের মাধ্যমে অংশগ্রহণকারীরা নিজেদের দক্ষতা বৃদ্ধির সুযোগ পান।
সভায় জানানো হয়, কর্মকর্তাদের আধুনিক জ্ঞান ও প্রযুক্তির সঙ্গে সম্পৃক্ত করতে এ ধরনের কর্মশালা নিয়মিত আয়োজন করা হবে, যাতে টিএমএসএস’র উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল ও ফলপ্রসূ হয়। অনুষ্ঠানে টিএমএসএস’র উপ-নির্বাহী পরিচালকের একান্ত সচিব মেহেদী আল পারভেজ উপস্থিত ছিলেন। এছাড়া বিভিন্ন শাখার সন্তোষজনক কর্মদক্ষতার স্বীকৃতিস্বরূপ কয়েকজন কর্মকর্তাকে সম্মাননা ও পুরস্কার প্রদান করা হয়।

শেয়ার করুন: