বগুড়ায় গাকে’র উদ্যোগে নিরাপদ ডিম ও ডিমজাত পণ্যের সচেতনতা মূলক ক্যাম্পেইন

বগুড়ায় গাকে’র উদ্যোগে নিরাপদ ডিম ও ডিমজাত পণ্যের সচেতনতা মূলক ক্যাম্পেইন
শেয়ার করুন:

বগুড়ায় গাকে’র উদ্যোগে নিরাপদ ডিম ও ডিমজাত পণ্যের সচেতনতা মূলক ক্যাম্পেইন
এ কে খান :
দেশের শীর্ষস্থানীয় জাতীয় পর্যায়ের উন্নয়ন সংস্থা গ্রাম উন্নয়ন কর্ম (গাক)-এর বাস্তবায়নে এবং পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর আর্থিক ও কারিগরি সহায়তায় পরিচালিত Special Program Development এর আওতায় নিরাপদ ডিম ও ডিমজাত পণ্যের গুণাগুণ বিষয়ে এক সচেতনতা মূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ২৯ জুন বগুড়া জেলার শাজাহানপুর উপজেলার সাজাপুর বেলপুকুর উচ্চ বিদ্যালয়ে আয়োজিত এ কর্মসূচির শুরুতে বিদ্যালয় প্রাঙ্গণ ও আশপাশের এলাকায় একটি বর্ণাঢ্য সচেতনতা মূলক র‍্যালি বের করা হয়। র‍্যালিতে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, গাক-এর কর্মকর্তা-কর্মচারী, অতিথিবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাজাপুর বেলপুকুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফজলুল হক। প্রধান অতিথি ছিলেন শাজাহানপুর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ফিরোজ আহমেদ খান। প্রধান অতিথির বক্তব্যে ফিরোজ আহমেদ খান বলেন, নিরাপদ ডিম ও ডিমজাত পণ্য মানুষের পুষ্টি নিশ্চিত করার পাশাপাশি জনস্বাস্থ্য সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তিনি নিরাপদ উৎপাদন, সঠিক সংরক্ষণ এবং স্বাস্থ্যসম্মত ব্যবস্থাপনার মাধ্যমে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবার সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে তিনি শিক্ষার্থীদের নিরাপদ খাদ্য গ্রহণে সচেতন হওয়ার এবং পরিবার ও সমাজে এ বিষয়ে ইতিবাচক বার্তা ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান। সভাপতির বক্তব্যে মো. ফজলুল হক বলেন, সুস্বাস্থ্য গঠনে নিরাপদ ও পুষ্টিকর খাদ্যের কোনো বিকল্প নেই। তিনি শিক্ষার্থীদের সচেতন ভোক্তা হিসেবে গড়ে ওঠার আহ্বান জানিয়ে এ ধরনের জনসচেতনতা মূলক উদ্যোগ গ্রহণের জন্য গাক-কে ধন্যবাদ জানান। এ সময় আরও বক্তব্য দেন গাক-এর প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আব্দুর রহমান। ক্যাম্পেইনে নিরাপদ ডিম ও ডিমজাত পণ্যের পুষ্টিগুণ, স্বাস্থ্যগত উপকারিতা, নিরাপদ উৎপাদন ও সংরক্ষণ পদ্ধতি ও নিরাপদ খাদ্য গ্রহণের গুরুত্ব বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেন। অনুষ্ঠানের শেষ পর্বে শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে বিজয়ীদের মাঝে আকর্ষণীয় পুরস্কার বিতরণ করা হয়।

শেয়ার করুন: