ফরিদপুরে জাতীয়তাবাদী পেশাজীবী দলের পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত
এ কে খান :
বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল, সুসংগঠিত ও শক্তিশালী করার লক্ষ্যে ফরিদপুর জেলা শাখার নবগঠিত কমিটির পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার ৩ অক্টোবর রাত ৮ টায় শহরের টেরাকোটা রেস্টুরেন্টে ফরিদপুর জেলা পেশাজীবী দলের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী মরহুম বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। পরবর্তীতে পেশাজীবী দলের প্রতিষ্ঠাতা সভাপতি আরিফুল ইসলাম জিয়ার দিকনির্দেশনা অনুযায়ী নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে দায়িত্বশীলতার সঙ্গে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা এবং তৃণমূল পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করার আহ্বান জানানো হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের ফরিদপুর জেলা কমিটির সভাপতি শেখ সাইফুল ইসলাম অহিদের সভাপতিত্বে সভাটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন ফরিদপুর জেলা বিএনপির সদস্য সচিব এ কে এম কিবরিয়া স্বপন। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-৩ সদর আসনের সংসদ সদস্য নায়াব ইউসুফ আহমেদ। তিনি তার বক্তব্যে সংগঠন, দল, দেশ ও জাতির কল্যাণে দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন পেশাজীবী দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মো. শহিদুল ইসলাম রাসেল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য উপস্থাপন করেন পেশাজীবী দলের কেন্দ্রীয় মুখপাত্র ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নাফিজ মাহবুব এবং ফরিদপুর মহানগর যুবদলের সাধারণ সম্পাদক এম এ রেজওয়ান বিশ্বাস তরুণ প্রমুখ। আলোচনা সভায় বক্তারা বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দল দেশের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের প্রতিনিধিত্বকারী একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সংগঠন। সংগঠনের আদর্শ ও উদ্দেশ্য ছড়িয়ে দিতে পেশাজীবীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। ফরিদপুরসহ সমগ্র দেশব্যাপী সংগঠনকে সুসংগঠিত করার উপর জোর দিয়ে বক্তারা আশা প্রকাশ করেন, নতুন নেতৃত্বের মাধ্যমে ফরিদপুরে পেশাজীবী দলের কার্যক্রমে নতুন গতি সঞ্চারিত হবে এবং তারা আগামী দিনের গণতান্ত্রিক আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করবে। অনুষ্ঠানে জেলা বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ, পেশাজীবী দলের নবগঠিত কমিটির সদস্যবৃন্দ, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং গণমাধ্যমকর্মী প্রমূখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা ও পরিচালনা করেন বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের ফরিদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ আনিসুজ্জামান মোল্লা।
