পরিবেশের ভারসাম্য রক্ষা ও সামাজিক বনায়ন জোরদার করার লক্ষ্যে পাবনার আটঘরিয়া উপজেলা আনসার ভিডিপি সংগঠনের সদস্যদের মধ্যে ফলজ, বনজ ও ভেষজ গাছের চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। আটঘরিয়া উপজেলা আনসার-ভিডিপি কার্যালয়ের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। মঙ্গলবার ২৯ সেপ্টেম্বর এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ‘বৃক্ষরোপণ কর্মসূচি’র আনুষ্ঠানিক উদ্বোধন করেন ও গাছের চারা বিতরণ করেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পাবনা জেলা কমান্ড্যান্ট মো. মাহবুবুর রহমান সরকার। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আনসার ও ভিডিপি বাহিনী কেবল দেশের নিরাপত্তা নিশ্চিত করতেই কাজ করছে না, বরং পরিবেশ সংরক্ষণ ও সামাজিক উন্নয়নেও নিরলসভাবে ভূমিকা রেখে চলেছে। বর্তমান বিশ্বে জলবায়ু পরিবর্তনের ফলে বৈশ্বিক উষ্ণতা, বন্যা, খরা ও ভূমিকম্পের মতো যেসব প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি বাড়ছে, তা থেকে দেশ ও প্রকৃতিকে রক্ষা করতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আটঘরিয়া উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা, উপজেলা প্রশিক্ষক, বিভিন্ন ইউনিয়নের দলনেতা-দলনেত্রী ও ভিডিপি সদস্য প্রমূখ উপস্থিত ছিলেন। উদ্বোধন শেষে উপজেলা কার্যালয় প্রাঙ্গণ ও এর আশপাশের নির্ধারিত স্থানে আনসার ভিডিপি’র পাবনা জেলা কমান্ড্যান্ট মোঃ মাহাবুবুর রহমান নানা প্রজাতির ফলজ, বনজ ও ভেষজ চারা রোপণ করেন এবং সদস্যদের মধ্যে বিতরণ করেন।পরিবেশ সুরক্ষায় বাহিনীর এমন সামাজিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয়রা।
পাবনা জেলার আটঘরিয়ায় আনসার-ভিডিপি’র বৃক্ষ রোপণ কর্মসূচি
