চাঁপাইনবাবগঞ্জে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল
এ কে খান :
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের চাপাইনবয়াবগঞ্জ জেলা শাখার উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বিকেল ৫টায় সদর পৌরসভাধীন ফুড ক্লাবের তৃতীয় তলায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা কৃষকদলের আহ্বায়ক মো. তসিকুল ইসলাম তসি, জেলা যুবদলের আহ্বায়ক মো. তবিউল ইসলাম তারিফ, মেসার্স সেলিম এন্টারপ্রাইজের প্রোপাইটর ও বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মো. সেলিম রেজা এবং চাঁপাইনবাবগঞ্জ জেলার বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান মনির। আলোচনা সভায় বক্তারা বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে দেশে গণতন্ত্রের উত্তরণ ঘটেছে। গণতন্ত্র, দেশ ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় তাঁর রাজনৈতিক ভূমিকা স্মরণীয় হয়ে থাকবে। বক্তারা আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের ভাবমূর্তি বহির্বিশ্বে উন্নত করার লক্ষ্যে মক্কা-মদিনায় নিমগাছ লাগিয়েছিলেন। একই ভাবে বেগম খালেদা জিয়াও সবসময় বাংলাদেশকে নিজের দেশ ও শেষ আশ্রয়স্থল হিসেবে বিবেচনা করতেন। তাঁর আদর্শ, দেশপ্রেম ও রাজনৈতিক দর্শন ধারণ করে দেশের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে। তারা পেশাজীবী সংগঠন গুলোকেও ঐক্যবদ্ধ হয়ে দেশ ও জাতির কল্যাণে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান। অনুষ্ঠান শেষে উপজেলা মডেল মসজিদের ইমাম মাহবুবুর রহমানের নেতৃত্বে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এ সময় বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সদস্যবৃন্দ, বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
