একজন সফল ও অনুপ্রেরণীয় নারীর গৌরবময় পথচলা।
এ কে খান :
বিশিষ্ট সমাজসেবক, শিক্ষাবিদ, আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের পরিচালক, দেশের শীর্ষ পর্যায়ের ও আন্তর্জাতিক মানের বেসরকারি উন্নয়ন সংস্থা আধুনিক টিএমএসএস’র প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক অধ্যাপিকা ড. হোসেনে-আরা বেগম তাঁর জীবনের সাফল্য, সম্মান ও খ্যাতি কেবল একটি পদ বা প্রতিষ্ঠানের গণ্ডিতে সীমাবদ্ধ নয়। তাঁর সুদীর্ঘ কর্মজীবন হলো অদম্য পরিশ্রম, মেধা, সততা, নেতৃত্ব, মানবিকতা ও মানুষের কল্যাণে নিজেকে উৎসর্গ করার এক অনন্য দৃষ্টান্ত। জীবনের নানা চড়াই উৎরাই, প্রতিকূলতা ও চ্যালেঞ্জ অতিক্রম করে তিনি তাঁর যোগ্যতা, প্রজ্ঞা ও দূরদর্শী নেতৃত্বের মাধ্যমে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন একজন সফল সংগঠক, দক্ষ নেতৃত্বের প্রতীক এবং মানবকল্যাণে নিবেদিতপ্রাণ ব্যক্তিত্ব হিসেবে।তাঁর অর্জিত প্রতিটি সম্মান ও স্বীকৃতির পেছনে রয়েছে দীর্ঘদিনের নিরলস পরিশ্রম, দায়িত্ববোধ এবং মানুষের জন্য কিছু করার অদম্য প্রত্যয়। তাঁর নেতৃত্বে টিএমএসএস’র সারা দেশের নানা সামাজিক ও মানবিক কার্যক্রমের মাধ্যমে অসংখ্য মানুষের জীবন ও জীবিকায় ইতিবাচক পরিবর্তনের সুযোগ সৃষ্টি হয়েছে। যা নিঃসন্দেহে তাঁর জীবনের অন্যতম শ্রেষ্ঠ অর্জন। জীবনের সাফল্য তাঁকে দিয়েছে স্বীকৃতি, মানুষের ভালোবাসা তাঁকে দিয়েছে সম্মান, মানবকল্যাণে অবদান তাঁকে দিয়েছে ব্যাপক পরিচিতি, আর, নিষ্ঠা ও কর্মগুণ তাঁকে করেছে অনুকরণীয়।একজন মানুষের প্রকৃত সাফল্য শুধু তাঁর পদ-পদবি, পুরস্কার কিংবা খ্যাতিতে নয়, বরং তিনি কত মানুষের জীবনে আশার আলো জ্বালাতে পেরেছেন সেখানেই তাঁর সার্থকতা। তার গতিশীল নেতৃত্বে সারাদেশে প্রায় ষাটটি শিক্ষা প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয়,মেডিকেল কলেজ, স্বাস্থ্য শিক্ষা প্রতিষ্ঠান, কৃষি বিষয়ক কার্যক্রম পরিচালনাকারী প্রতিষ্ঠান, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিকারী প্রতিষ্ঠানসহ প্রায় শত প্রতিষ্ঠান তিনি প্রতিষ্ঠা করেছেন। সেই বিচারে টিএমএসএস’র নির্বাহী পরিচালক অধ্যাপিকা ড. হোসেনে-আরা বেগম একজন সত্যিকারের অনুপ্রেরণীয় ব্যক্তিত্ব। তাঁর কর্ম, নেতৃত্ব ও অর্জন আগামী প্রজন্মের জন্য হয়ে থাকুক একটি উজ্জ্বল উদাহরণ। মহান আল্লাহ তাঁকে সুস্থতা, দীর্ঘায়ু ও আরও বেশি মানুষের কল্যাণে কাজ করার তৌফিক দান করুন।
