পাবনায় অতিরিক্ত পুলিশ সুপার রেজিনুর রহমানের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
এ কে খান, পাবনা:
পাবনা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মোঃ রেজিনুর রহমানের বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সভাকক্ষে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এই বিদায় সংবর্ধনা দেওয়া হয়। পাবনার নবাগত পুলিশ সুপার মোঃ আবু আশ্রাফের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে পুলিশ সুপার মোঃ আবু আশ্রাফ বিদায়ী পুলিশ কর্মকর্তা রেজিনুর রহমানের পাবনায় কর্মকালীন সময় আন্তরিকতা, সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের জন্য জেলা পুলিশের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করেন। একই সাথে তিনি বিদায়ী কর্মকর্তার ভবিষ্যৎ কর্মজীবনের সাফল্য, সুস্বাস্থ্য ও সমৃদ্ধি কামনা করেন এবং বিভিন্ন দিকনির্দেশনা মূলক পরামর্শ দেন। সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বক্তারা বলেন, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রেজিনুর রহমান দায়িত্ব পালনে অত্যন্ত দক্ষ, পেশাদার ও নিষ্ঠাবান ছিলেন। বিশেষ করে জেলা পুলিশের প্রশাসনিক ও আর্থিক কার্যক্রমে তাঁর দায়িত্বশীল ভূমিকা ছিল অত্যন্ত প্রশংসনীয়। তাঁর বদলিতে পাবনা জেলা পুলিশ একজন দক্ষ ও অভিজ্ঞ কর্মকর্তাকে হারালো বলে অভিমত প্রকাশ করেন তারা।
বিদায়ী অতিথির বক্তব্যে মোঃ রেজিনুর রহমান পাবনায় তাঁর কর্মজীবনের নানা স্মৃতিচারণ করেন। পাবনায় দায়িত্ব পালনকালে সহকর্মী ও জেলা পুলিশের প্রতিটি সদস্যের কাছ থেকে যে আন্তরিক সহযোগিতা তিনি পেয়েছেন, তার জন্য গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। সহকর্মীদের এই ভালোবাসা ও সহযোগিতা তাঁর পুরো কর্মজীবনের এক অমূল্য স্মারক হয়ে থাকবে বলে তিনি উল্লেখ করেন। বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোঃ সাখাওয়াত হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (পাবনা সদর সার্কেল) মোঃ শরিফুল ইসলাম, ডিআইও-১, ওসি (ডিবি) পাবনাসহ বিভিন্ন শাখা ও শেরেস্তার ইনচার্জগণ এবং জেলা পুলিশের অন্যান্য সদস্যবৃন্দ। অনুষ্ঠান শেষে বিদায়ী কর্মকর্তাকে জেলা পুলিশের পক্ষ থেকে সম্মাননা স্মারক ও শুভেচ্ছা উপহার তুলে দেওয়া হয়।
