ঈদুল আযহা উপলক্ষে ২৮ হাজারের বেশি আনসার-ভিডিপি সদস্য ও কর্মচারীর মাঝে উপহার বিতরণ
এ কে খান পিভিএম :
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ভাতাভোগী সদস্য-সদস্যা ও কর্মচারীদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। বাহিনীর কল্যাণমূলক উদ্যোগের অংশ হিসেবে দেশের ৬৪ জেলার মোট ২৮ হাজার ৩৬৫ জন সদস্য ও ৪র্থ শ্রেণির কর্মচারীর মধ্যে এ উপহার বিতরণ করা হয়। শনিবার ঢাকার খিলগাঁওয়ে বাহিনীর সদর দপ্তরে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ, এসজিপি, বিএএম, এনডিইউ, এএফডব্লিউসি, পিএসসি। জানা যায়, সদস্যদের কল্যাণ, পারস্পরিক সম্প্রীতি ও উৎসবের আনন্দ ভাগাভাগির লক্ষ্যেই এ কর্মসূচির আয়োজন করা হয়েছে। উপহারের প্যাকেটে ছিল পোলাউয়ের চাল, সেমাই, সুজি, গুঁড়া দুধ, নুডলস, চিনি ও বিভিন্ন ধরনের রান্নার মসলা। অনুষ্ঠানে মহাপরিচালক বলেন, সংস্কার পরিকল্পনা-২০৩৫ বাস্তবায়নের লক্ষ্যে আমাদের সুসংগঠিত ও দৃঢ় প্রত্যয়ে এগিয়ে যেতে হবে। কোনো অবস্থাতেই যেন আমরা আমাদের নির্ধারিত লক্ষ্য থেকে বিচ্যুত না হই।”
তিনি আরও বলেন, “এখন পেছনে ফিরে তাকানোর সময় নয়। সামনের সম্ভাবনাকে কাজে লাগিয়ে আরও আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে যেতে হবে। বাহিনীর সক্ষমতা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে এবং সম্মিলিত প্রচেষ্টা ও নিষ্ঠার মাধ্যমে এ অগ্রযাত্রা আরও ত্বরান্বিত হবে। তিনি বাহিনীর প্রতিটি সদস্যকে দায়িত্বশীল, কর্মনিষ্ঠ ও আত্মনিবেদিত হয়ে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে উপমহাপরিচালক মো. রফিকুল ইসলামসহ বাহিনীর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। সংশ্লিষ্টদের মতে, এ ধরনের কল্যাণমুখী উদ্যোগ সদস্যদের মাঝে উৎসবের আনন্দ ছড়িয়ে দেওয়ার পাশাপাশি পারস্পরিক সৌহার্দ্য, প্রেরণা ও কর্মউদ্দীপনা বৃদ্ধি করবে। একই সঙ্গে বাহিনীর সামগ্রিক মনোবল, ঐক্য ও কর্মদক্ষতা বৃদ্ধিতেও ইতিবাচক ভূমিকা রাখবে।
ঈদুল আযহা উপলক্ষে ২৮ হাজারের বেশি আনসার-ভিডিপি সদস্য ও কর্মচারীর মাঝে উপহার বিতরণ
