ঢাকায় জাতীয়তাবাদী পেশাজীবী দলের প্রতিষ্ঠাতা সভাপতি আরিফুল ইসলাম জিয়ার জন্মদিন উদযাপন
আঃ খালেক খান :
বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের প্রতিষ্ঠাতা সভাপতি আরিফুল ইসলাম জিয়ার জন্মদিন উপলক্ষে রাজধানী ঢাকায় আলোচনা সভা, কেক কাটা ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার ১৯ নভেম্বর সন্ধ্যায় রাজধানী ঢাকার মতিঝিলে জাতীয়তাবাদী পেশাজীবী দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনাড়ম্বর ও ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে এ কর্মসূচির আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দল। এতে সংগঠনের কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। অনুষ্ঠানের শুরুতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়া ও আরাফাত রহমান কোকোর বিদেহী আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।পরে প্রতিষ্ঠাতা সভাপতি আরিফুল ইসলাম জিয়ার জন্মদিন উপলক্ষে কেক কাটা হয়, তার রাজনৈতিক নেতৃত্ব, সাংগঠনিক ভূমিকা ও ভবিষ্যৎ কর্ম পরিকল্পনা নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্যে পেশাজীবী দলের সিনিয়র ভাইস-চেয়ারম্যান ও ডিএসইউর সাবেক উপাচার্য প্রফেসর ড. শেখ আসিফ এস. মিজান আরিফুল ইসলাম জিয়াকে জন্মদিনের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তিনি বলেন, সংগঠনের প্রতি তার দূরদর্শী নেতৃত্ব, ত্যাগ ও সাংগঠনিক দক্ষতা নেতাকর্মীদের অনুপ্রাণিত করছে।
তিনি আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শকে ধারণ করে দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বকে আরও শক্তিশালী করতে বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দল নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। আগামী দিনে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও বেগবান হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। আয়োজকরা জানান, দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি ও নেতাকর্মীদের রাজপথের দায়িত্বশীল ভূমিকার বিষয়টি বিবেচনায় নিয়ে এবারের জন্মদিনে জাঁক জমকপূর্ণ আয়োজন পরিহার করে সংক্ষিপ্ত ও সাদামাটা কর্মসূচি গ্রহণ করা হয়।আলোচনা শেষে বিশেষ মোনাজাত পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শহিদুল ইসলাম রাসেল। মোনাজাতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পরিবার, দেশ, জাতির কল্যাণ ও পেশাজীবী দলের প্রতিষ্ঠাতা সভাপতি আরিফুল ইসলাম জিয়ার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সার্বিক মঙ্গল কামনা করা হয়। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের ভাইস-চেয়ারম্যান খন্দকার সালাহউদ্দিন রুমি, দপ্তর সম্পাদক এএসএম আশিক উল্লাহ, কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের নেতাকর্মী এবং বিভিন্ন গণমাধ্যম কর্মী প্রমূখ। অনুষ্ঠানটি সঞ্চালনা ও পরিচালনা করেন জাতীয়তাবাদী পেশাজীবী দলের অন্যতম ভাইস-প্রেসিডেন্ট মনিরুজ্জামান মনির।
