এভারগ্রীনের নগরবাড়ি–কাশিনাথপুর ম্যারাথন অনুষ্ঠিত । প্রথম ডেন্টিস্ট ইমরান নাজির

শেয়ার করুন:

নিজস্ব প্রতিবেদক: স্বাস্থ্যসচেতনতা ও সুস্থ জীবনযাপনের বার্তা ছড়িয়ে দিতে এভারগ্রীন ফিটনেস কমিউনিটির আয়োজনে নগরবাড়ি থেকে কাশিনাথপুর পর্যন্ত ম্যারাথন দৌড় অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে অনুষ্ঠিত এ ম্যারাথনে বিভিন্ন বয়সী দৌড়প্রেমী কমিউনিটির সদস্যরা অংশগ্রহণ করেন।

ম্যারাথনে প্রথম স্থান অধিকার করেন এভারগ্রীনের সদস্য ডেন্টিস্ট ইমরান নাজির। দৌড় শেষে বিজয়ীদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন মুফতি মাওলানা আব্দুল আজিজ। এ ছাড়া বিজয়ীদের মধ্যে পাঁচটি ছাতা উপহার দেন সেবা মাল্টিকেয়ার হাসপাতালের চেয়ারম্যান ডা. কোরবান আলী।

ম্যারাথন উপলক্ষে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য দেন কাশিনাথপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ইদ্রিস আলী মুন্সী এবং ইসলাহুল উম্মাহ একাডেমির কো-চেয়ারম্যান মারুফ চৌধুরী, মিররটিভি’র ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী জাহাঙ্গীর হোসেন। বক্তারা নিয়মিত শরীরচর্চা, খেলাধুলা ও স্বাস্থ্যকর জীবনযাপনের গুরুত্ব তুলে ধরেন।

পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে কাশিনাথপুরের ঐতিহ্যবাহী নিখিল হোটেলে এভারগ্রীন ফিটনেস কমিউনিটির সম্মানিত সভাপতি আলহাজ্ব অহিদুজ্জামান মুকুল মিয়ার আপ্যায়নে ভুনা খিচুড়ি খাওয়ার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

এভারগ্রীনের প্রতিষ্ঠাতা-পরিচালক সাকির হোসেন বলেন, এ ধরনের আয়োজন মানুষের মধ্যে স্বাস্থ্যসচেতনতা, পারস্পরিক সৌহার্দ্য ও সামাজিক সম্প্রীতি গড়ে তোলার একটি কার্যকর মাধ্যম। এভারগ্রীন ফিটনেস কমিউনিটি ভবিষ্যতেও এ ধরনের ইতিবাচক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেছে।

শেয়ার করুন: