খুলনায় খালেদা জিয়ার ৮২তম জন্মদিনে পেশাজীবী দলের দোয়া মাহফিল অনুষ্ঠিত।
এ কে খান :
বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি আরিফুল ইসলাম জিয়া ও সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শহিদুল ইসলাম রাসেলের নির্দেশনা অনুযায়ী ও দেশব্যাপী কর্মসূচির অংশ হিসাবে জাতীয়তাবাদী পেশাজীবী দলের খুলনা মহানগর শাখার উদ্যোগে বিএনপির সাবেক চেয়ারপারসন, সাবেক প্রধানমন্ত্রী ও প্রয়াত নেত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বাদ মাগরিব খুলনা আলিয়া মাদ্রাসা প্রাঙ্গণে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। বিশেষ অতিথি ছিলেন খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ও খুলনা মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম মনা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দল খুলনা মহানগর শাখার সভাপতি শেখ মঞ্জুর হাসান অপু। অনুষ্ঠান পরিচালনা করেন সাবেক ভিপি মোল্লা মারুফ রশীদ। আলোচনা সভায় বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলন ও রাজনৈতিক ইতিহাসে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। সুদীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি দেশের মানুষের অধিকার, গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন। তাঁর রাজনৈতিক সংগ্রাম ও আপসহীন নেতৃত্ব দেশের জাতীয়তাবাদী রাজনীতিতে অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। প্রধান অতিথির বক্তব্যে নজরুল ইসলাম মঞ্জু বলেন, বেগম খালেদা জিয়া শুধু বিএনপির একজন নেত্রী ছিলেন না, তিনি দেশের গণতান্ত্রিক আন্দোলনের অন্যতম প্রধান ব্যক্তিত্ব ছিলেন। স্বৈরাচারবিরোধী আন্দোলন থেকে শুরু করে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার বিভিন্ন আন্দোলনে তাঁর নেতৃত্ব ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠায় তাঁর ত্যাগ ও সংগ্রাম ভবিষ্যৎ প্রজন্ম স্মরণ করবে। তিনি আরও বলেন, বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন ছিল নানা প্রতিকূলতা ও চ্যালেঞ্জে পরিপূর্ণ। এসব প্রতিকূলতার মধ্যেও তিনি তাঁর রাজনৈতিক আদর্শ ও গণতন্ত্রের প্রশ্নে দৃঢ় অবস্থান বজায় রেখেছেন। তাঁর আদর্শ ও রাজনৈতিক দর্শনকে ধারণ করে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি। বিশেষ অতিথি অ্যাডভোকেট শফিকুল আলম মনা বলেন, বেগম খালেদা জিয়ার জীবন ও কর্ম বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। তিনি দেশের মানুষের ভোটাধিকার ও গণতন্ত্রের জন্য দীর্ঘদিন সংগ্রাম করেছেন। তাঁর নেতৃত্বে বিএনপি বিভিন্ন সময়ে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
তিনি বলেন, বেগম খালেদা জিয়ার রাজনৈতিক অবদান দলীয় নেতাকর্মীদের কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে। তাঁর আদর্শকে সামনে রেখে দেশ ও জনগণের কল্যাণে কাজ করতে হবে। একই সঙ্গে দলের নেতাকর্মীদের মধ্যে ঐক্য, শৃঙ্খলা ও পারস্পরিক সৌহার্দ্য বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন তিনি। সভাপতির বক্তব্যে শেখ মঞ্জুর হাসান অপু বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন আপসহীন ও সাহসী রাজনৈতিক নেত্রী। দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে তাঁর ভূমিকা অনস্বীকার্য। তাঁর স্মৃতি ও রাজনৈতিক অবদানকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করতেই এ দোয়া ও মাহফিলের আয়োজন করা হয়েছে। তিনি বলেন, বেগম খালেদা জিয়ার আদর্শকে ধারণ করে জাতীয়তাবাদী পেশাজীবীদের দেশ ও মানুষের কল্যাণে আরও সক্রিয়ভাবে কাজ করতে হবে। গণতান্ত্রিক মূল্যবোধ, সামাজিক ন্যায়বিচার ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। আলোচনা শেষে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। একই সঙ্গে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানসহ দলের প্রয়াত নেতাকর্মীদের রুহের মাগফিরাত এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন খুলনা আলিয়া মাদ্রাসার ভারপ্রাপ্ত ইমাম মাওলানা মো. শাহেদ হুসাইন।
অনুষ্ঠানে জাতীয়তাবাদী পেশাজীবী দলের সহ-সভাপতি মিজানুর রহমান টিংকু, অধ্যাপক মো. নজরুল ইসলাম, সারাফাত হোসেন দুলু, সহ-সাধারণ সম্পাদক প্রকৌশলী শামীম জেহাদ, সহ-সম্পাদক নাজমুল হক মুকুল, আলমগীর কবির রুবেল, শেখ শফিকুল হাসান দিদার, প্রকৌশলী মোর্শেদ সিদ্দিকী রনি, আরিফুল ইসলাম মিলন ও সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও মিডিয়া কর্মী প্রমুখ উপস্থিত ছিলেন।
