ময়মনসিংহে টিএমএসএস’র বার্ষিক অর্জন পর্যালোচনা ও কর্মকৌশল নির্ধারণী সভা অনুষ্ঠিত।
এ কে খান :
দেশের শীর্ষ সারির ও আন্তজার্তিক মানের বেসরকারি উন্নয়ন সংস্থা টিএমএসএস’র অপারেশন-১২ ময়মনসিংহ ডোমেইনের উদ্যোগে ২০২৫-২৬ অর্থ বছরের বার্ষিক অর্জন পর্যালোচনা এবং ২০২৬-২৭ অর্থ বছরের কর্মকৌশল নির্ধারণী সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার ১২ জুলাই ময়মনসিংহ ব্র্যাক লার্নিং সেন্টারের সম্মেলন কক্ষে সারাদিন ব্যাপী এই কর্মশালা ও সভা অনুষ্ঠিত হয়। দেশের সুবিধাবঞ্চিত ও প্রান্তিক জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নে সংস্থার কার্যক্রমকে আরও গতিশীল ও বেগবান করার লক্ষ্যে এই সভার আয়োজন করা হয়। কর্মশালায় বিগত অর্থ বছরের সামগ্রিক অর্জন বিশ্লেষণের পাশাপাশি আগামী ২০২৬-২৭ অর্থ বছরের বাজেট, কর্মপরিকল্পনা ও নতুন কর্মকৌশল বাস্তবায়নের উপর বিস্তারিত আলোচনা ও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিক-নির্দেশনামূলক বক্তব্য দেন টিএমএসএস’র সেক্টর প্রধান উপনির্বাহী পরিচালক-৩ মোঃ সোহরাব আলী খান।টিএমএসএস’র অপারেশন-১২ ময়মনসিংহ ডোমেইনের প্রধান সহকারী পরিচালক মোঃ আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে কর্মকর্তাদের উদ্দেশ্যে পরামর্শ মূলক বক্তব্য দেন সংস্থার প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক, বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজ সেবক অধ্যাপিকা ডক্টর হোসনে-আরা বেগম। ভার্চুয়ালি আরও যুক্ত ছিলেন টিএমএসএস’র উপদেষ্টা আয়েশা বেগম এবং নির্বাহী উপদেষ্টা মোঃ আতাউর রহমান। প্রধান অতিথির বক্তব্যে উপনির্বাহী পরিচালক মোঃ সোহরাব আলী খান ডোমেইনের চলমান কার্যক্রমের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন। তিনি মাঠপর্যায়ের কর্মীদের সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে বলেন, টিএমএসএস কোনো বাণিজ্যিক বা লাভের উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়নি, বরং সম্পূর্ণ সেবার মানসিকতা নিয়ে দেশব্যাপী সামাজিক ও মানবিক কর্মকাণ্ড পরিচালনা করছে। তিনি সংস্থার প্রতিষ্ঠাতা অধ্যাপিকা ডক্টর হোসনে-আরা বেগমের মিশন ও ভিশন বাস্তবায়নে মাঠকর্মীদের কঠোর পরিশ্রম করার এবং তরুণ প্রজন্মের উদ্যোক্তা সৃষ্টিতে বিশেষ সহায়তা প্রদানের পরামর্শ দেন। সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন টিএমএসএস’র অপারেশন অ্যান্ড আইটি পরিচালক মোঃ মাহাবুবর রহমান, অপারেশন অ্যান্ড উন্নয়ন পরিচালক মোঃ রেজাউল করিম এবং আরপিপি পরিচালক শুভাশিস সাহা প্রমূখ। আইটি পরিচালক মোঃ মাহাবুবর রহমান বর্তমান যুগের সাথে তাল মিলিয়ে মাঠপর্যায়ের কর্মকর্তাদের তথ্যপ্রযুক্তিতেপ দক্ষতা ও জ্ঞান অর্জনের তাগিদ দেন। উন্নয়ন পরিচালক মোঃ রেজাউল করিম প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে টিএমএসএস’র সেবাসমূহকে ভবিষ্যতে আরও কার্যকর করতে নতুন নতুন কৌশল ও কর্মপরিকল্পনা উপস্থাপন করেন। অনুষ্ঠানে ময়মনসিংহ ডোমেইনের অধীনে থাকা সকল জোনের জোন প্রধান, রিজিওন প্রধান এবং শাখার শাখা প্রধানগণ নিজ নিজ কর্ম এলাকার সামগ্রিক কর্মকাণ্ডের বার্ষিক প্রতিবেদন ও আগামী বছরের পরিকল্পনা উপস্থাপন করেন। সভাপতির বক্তব্যে ডোমেইন প্রধান মোঃ আনোয়ার হোসেন তৃণমূল সদস্যদের মাঝে দ্রুততম সময়ে সেবা পৌঁছে দিতে এবং বর্তমান যুগের সাথে সামঞ্জস্য রেখে নিজেদের দক্ষ করে গড়ে তুলতে কর্মকর্তাদের পরামর্শ দেন। কর্মশালায় অন্যদের মধ্যে উপনির্বাহী পরিচালকের একান্ত সচিব আল মেহেদী পারভেজসহ ডোমেইনের বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। সভা শেষে সংস্থার লক্ষ্য অর্জনে নিরলসভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে সকল কর্মকর্তা ও মাঠকর্মীদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়।
