পাবনা পৌরসভায় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন, শিশুদের ক্যাপসুল খাওয়ানো শুরু

পাবনা পৌরসভায় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন, শিশুদের ক্যাপসুল খাওয়ানো শুরু
শেয়ার করুন:

পাবনা পৌরসভায় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন, শিশুদের ক্যাপসুল খাওয়ানো শুরু

এ কে খান পাবনা ব্যুরো :

সারাদেশের ন্যায় পাবনা পৌরসভার উদ্যোগে ৬ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের জন্য ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন’র আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। রোববার ২৮ জুন আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর মাধ্যমে আনুষ্ঠানিক ভাবে এ কার্যক্রমের সূচনা করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নানা দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন ও আনুষ্ঠানিক উদ্বোধন করেন পাবনার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পাবনার সিভিল সার্জন আবুল কালাম আজাদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (ভারপ্রাপ্ত) ও পাবনা পৌরসভার প্রশাসক মো. খায়রুল ইসলাম। এ সময় আরও উপস্থিত ছিলেন ডেপুটি সিভিল সার্জন, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, মিডিয়া কর্মী, শিশু অভিভাবক, পৌরসভার কর্মকর্তা-কর্মচারী ও নানা পর্যায়ের প্রতিনিধি প্রমূখ। অনুষ্ঠানে বক্তারা বলেন, শিশুর সুস্থ বৃদ্ধি ও রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে ভিটামিন ‘এ’-এর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অপুষ্টিজনিত বিভিন্ন স্বাস্থ্যঝুঁকি, বিশেষ করে রাতকানা রোগ প্রতিরোধ এবং শিশুর স্বাভাবিক শারীরিক ও মানসিক বিকাশ নিশ্চিত করতে এই ক্যাম্পেইন গুরুত্বপূর্ণ অবদান রাখবে। তাই নির্ধারিত বয়সের প্রতিটি শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর জন্য অভিভাবকদের সচেতন হওয়ার আহ্বান জানানো হয়।
প্রধান অতিথি জেলা প্রশাসক আমিনুল ইসলাম বলেন, সরকারের জনস্বাস্থ্য কর্মসূচির অন্যতম সফল উদ্যোগ হলো ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন। কোনো শিশুই যেন এই সেবা থেকে বঞ্চিত না হয়, সে বিষয়ে সংশ্লিষ্ট সকলকে আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি। বিশেষ অতিথি সিভিল সার্জন আবুল কালাম আজাদ বলেন, ভিটামিন এ ক্যাপসুল শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং অপুষ্টি প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি অভিভাবকদের নির্ধারিত কেন্দ্রে শিশুদের নিয়ে এসে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর অনুরোধ জানান।
সভাপতির বক্তব্যে মো. খায়রুল ইসলাম বলেন, পাবনা পৌরসভা স্বাস্থ্য বিভাগের সঙ্গে সমন্বয় করে সফলভাবে এই কর্মসূচি বাস্তবায়নে কাজ করছে।শিশুদের শতভাগ কভারেজ নিশ্চিত করতে পৌরসভার সকল কর্মকর্তা-কর্মচারী ও সংশ্লিষ্টদের নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দেন তিনি। অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ শিশুদের হাতে ভিটামিন এ ক্যাপসুল তুলে দেন এবং তাদের ক্যাপসুল খাওয়ানোর কার্যক্রম পরিদর্শন করেন। এ সময় অভিভাবকদ’র মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। পাবনা পৌরসভা সূত্রে জানা গেছে, ক্যাম্পেইনের আওতায় পৌর এলাকার ৬ থেকে ১১ মাস বয়সী শিশুদের একটি নীল রঙের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের একটি লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। নির্ধারিত কেন্দ্রগুলোতে স্বাস্থ্যকর্মী ও স্বেচ্ছাসেবীরা দিনব্যাপী এ কার্যক্রম পরিচালনা করছে।

শেয়ার করুন: