উত্তরবঙ্গে উচ্চশিক্ষা বিস্তারে পুণ্ড্র বিশ্ববিদ্যালয়ে মতবিনিময় সভা

উত্তরবঙ্গে উচ্চশিক্ষা বিস্তারে পুণ্ড্র বিশ্ববিদ্যালয়ে মতবিনিময় সভা
শেয়ার করুন:

উত্তরবঙ্গে উচ্চশিক্ষা বিস্তারে পুণ্ড্র বিশ্ববিদ্যালয়ে মতবিনিময় সভা

এ কে খান :

উত্তরবঙ্গে আন্তর্জাতিক মানের উচ্চশিক্ষা সম্প্রসারণ, শিক্ষার গুণগত মান উন্নয়ন ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয় জোরদারের লক্ষ্যে বগুড়ার পুণ্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান এবং কর্পোরেট ব্যক্তিবর্গের অংশগ্রহণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ২৭ জুন সকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. চিত্তরঞ্জন মিশ্র। অনুষ্ঠানে অনলাইনে গেস্ট অব অনার হিসেবে যুক্ত হয়ে বক্তব্য দেন বোর্ড অব ট্রাস্টিজ (বিওটি) চেয়ারম্যান ও আধুনিক টিএমএসএস’র প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক প্রফেসর ড. হোসনে-আরা বেগম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিওটির ভাইস চেয়ারম্যান ও টিএমএসএসের উপনির্বাহী পরিচালক-২ রোটারিয়ান ডা. মো. মতিউর রহমান এবং বিওটি সদস্য ও টিএমএসএস’র উপদেষ্টা আয়শা বেগম। বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মো. রফিকুল আহসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বগুড়া জেলার ৬১টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও প্রতিনিধিরা অংশ নেন। স্বাগত বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ উপদেষ্টা ড. ইমতিয়াযুল আলম মাহফুয। এ সময় উপস্থিত ছিলেন বিওটি সদস্য ফয়জুন নাহার, মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ও ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. আহমেদ শরীফ তালুকদার, রেজিস্ট্রার গৌতম কুমারসহ বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান ও কর্মকর্তারা।
প্রধান অতিথি ও গেস্ট অব অনার তাঁদের বক্তব্যে বলেন, দেশের উত্তরাঞ্চলে আন্তর্জাতিক মানের উচ্চশিক্ষা নিশ্চিত করতে পুণ্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি নিরলসভাবে কাজ করে যাচ্ছে। শিক্ষার গুণগত মান বৃদ্ধি, গবেষণার প্রসার, প্রযুক্তি নির্ভর শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা এবং দক্ষ মানবসম্পদ তৈরিতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা প্রয়োজন। পাশাপাশি শিক্ষার্থীদের যুগোপযোগী শিক্ষা ও নৈতিক মূল্যবোধে সমৃদ্ধ নাগরিক হিসেবে গড়ে তুলতে বিশ্ববিদ্যালয়ের অঙ্গীকারের কথাও পুনর্ব্যক্ত করেন তাঁরা। মতবিনিময় সভায় অতিথিদের মধ্যে বক্তব্য দেন শেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ এস. এম. আব্দুল আলীম, নিশিন্দারা ফকির উদ্দিন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. আব্দুল গফুর, করতোয়া মাল্টিমিডিয়া স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ প্রফেসর অসিত কুমার সরকার, মহাস্থান শাহ সুলতান ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবু বক্কর সিদ্দিক, শিবগঞ্জ ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ মো. মাহবুকে রফিক এবং এসো এনজিওর মানবসম্পদ বিষয়ক কর্মকর্তা মো. আমিনুল এহসান হাবিবসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা। বক্তারা উত্তরবঙ্গে মানসম্মত উচ্চশিক্ষা বিস্তারে পুণ্ড্র বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন উদ্যোগের প্রশংসা করেন এবং শিক্ষা, গবেষণা ও দক্ষতা উন্নয়নে বিশ্ববিদ্যালয়টির সঙ্গে সমন্বিতভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।

শেয়ার করুন: