পাবনায় নবাগত পুলিশ সুপার মোঃ ছুফি উল্লাহ’র যোগদান ও দায়িত্ব গ্রহণ
এ কে খান :
স্টাফ রিপোর্ট বৃহস্পতিবার,৭ মে :
পাবনা জেলার নবাগত পুলিশ সুপার মোঃ ছুফি উল্লাহ আনুষ্ঠানিক ভাবে যোগদান ও দায়িত্ব গ্রহণ করেছেন। বৃহস্পতিবার সকালে তিনি পুলিশ সুপারের কার্যালয়ে পৌঁছালে পাবনা জেলা পুলিশের পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনা জানান বিদায়ী পুলিশ সুপার মোঃ আনোয়ার জাহিদ।পরে নবাগত পুলিশ সুপার জেলার ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন ইউনিটের সদস্য ও পুলিশ ফোর্সের সঙ্গে পরিচিত হন এবং আনুষ্ঠানিক ভাবে পাবনা জেলার আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব ভার গ্রহণ করেন। এ সময় পুলিশ সুপারের কার্যালয়ে এক সৌহার্দ্যপূর্ণ পরিবেশের সৃষ্টি হয়। দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাবনার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ মশিউর রহমান মন্ডল, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোঃ রেজিনুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ শরিফুল ইসলাম, সিনিয়র সহকারী পুলিশ সুপার (সুজানগর সার্কেল) সাদিক আহমেদ ও অতিরিক্ত পুলিশ সুপার লাবিব আব্দুল্লাহ-সহ পাবনা জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, সদস্য ও সিভিল স্টাফরা। দায়িত্ব গ্রহণের পর বক্তব্যে নবাগত পুলিশ সুপার মোঃ ছুফি উল্লাহ বলেন, “জনগণের নিরাপত্তা নিশ্চিত করা ও জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকল পুলিশ সদস্যকে নিষ্ঠা, সততা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। আমি আশা করি, জেলার প্রতিটি পুলিশ সদস্য নিজ নিজ অবস্থান থেকে দেশ ও জনগণের কল্যাণে আন্তরিক ভাবে কাজ করবেন। তিনি আরও বলেন, জনগণের আস্থা অর্জনে মানবিক পুলিশিং কার্যক্রম জোরদার করা হবে এবং অপরাধ দমন, মাদকবিরোধী অভিযান ও জনসেবা মূলক কার্যক্রমে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। এ লক্ষ্যে তিনি সকল কর্মকর্তা ও সদস্যের আন্তরিক সহযোগিতা কামনা করেন। এ সময় উপস্থিত পুলিশ সদস্যরা জেলার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে দায়িত্বশীল ভূমিকা পালনের প্রত্যয় ব্যক্ত করেন। বিদায়ী পুলিশ সুপার মোঃ আনোয়ার জাহিদ তার বক্তব্যে পাবনা জেলায় দায়িত্ব পালনকালে সকল পুলিশ সদস্যের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি নবাগত পুলিশ সুপারের সফলতা কামনা করে বলেন, জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত হবে বলে তিনি আশাবাদী।
অনুষ্ঠান শেষে নবাগত ও বিদায়ী পুলিশ সুপারকে ঘিরে উপস্থিত কর্মকর্তা ও সদস্যদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ মতবিনিময় অনুষ্ঠিত হয়।
