রংপুরে আনসার-ভিডিপি সদস্যদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ
এ কে খান পিভিএম :
রংপুর, ১১ মার্চ : বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদের নির্দেশনায় ও বাহিনীর উদ্যোগে সারা দেশের আনসার-ভিডিপির ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের দলনেতা-দলনেত্রী এবং আনসার কমান্ডারদের মাঝে ঈদ উপহার হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় বুধবার ১১ মার্চ রংপুর জেলার, রংপুর নগরীর মাহিগঞ্জ আনসার ও ভিডিপি’র প্রশিক্ষণ কেন্দ্রে আনসার ভিডিপি’র রংপুর রেঞ্জ কর্তৃক আয়োজিত রংপুর সদর ও কাউনিয়া উপজেলার ১৩৬ জন আনসার-ভিডিপি সদস্যের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ঈদ উপহার, খাদ্য সামগ্রী বিতরণ করেন ও নানা দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর রংপুর রেঞ্জের, রেঞ্জ কমান্ডার উপমহাপরিচালক মোহাম্মদ আবদুল আউয়াল বিভিএম, পিভিএমএস। এ সময় রেঞ্জ কমান্ডার বলেন, সারা দেশে আনসার-ভিডিপি সদস্যদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার লক্ষ্যেই মহাপরিচালকের পক্ষ থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত ও অপরাধমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে শৃঙ্খলা রক্ষা এবং দেশের উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান জানান। ঈদ উপহার হিসেবে প্রতিটি সদস্যকে ১ কেজি পোলাও চাল, ১ কেজি চিনি, ১ লিটার সয়াবিন তেল, ২ প্যাকেট লাচ্ছা সেমাই, ২ প্যাকেট সাধারণ সেমাই, ৫০০ গ্রাম সুজি, ১ প্যাকেট গুঁড়ো দুধসহ অন্যান্য খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত থেকে বক্তব্য দেন রংপুর রেঞ্জের পরিচালক মোঃ শফিকুল আলম, রংপুর সহকারী জেলা কমান্ড্যান্ট মোহাম্মদ নুরুজ্জামান, সদর উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তা মোঃ নাসিম হাসান ও কাউনিয়া উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তা মোছা. রোকেয়া বেগম প্রমূখ। এ সময় আনসার ভিডিপি বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা, মনুটরিং অফিসার, গনসংযোগ সহকারি ও আনসার ব্যাটালিয়ান সদস্য, আনসার ও ভিডিপি, টিডিপি সদস্য এবং মিডিয়া কর্মী প্রমুখ উপস্থিত ছিলেন।
রংপুরে আনসার-ভিডিপি সদস্যদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ
