নিজস্ব প্রতিবেদক : পাবনার বেড়া উপজেলার আমিনপুর থানাধীন নান্দিয়ারা কবরস্থানের একটি আম গাছ থেকে শুভ সেখ (২০) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুভ মোটরসাইকেল সার্ভিসিং এর কাজ করত বলে জানিয়েছেন স্থানীয়রা।
শনিবার (২ জানুয়ারি) সকালে জাতসাখিনী ইউনিয়নের নান্দিয়ারা কবরস্থান থেকে তার লাশ উদ্ধার করা হয়। শুভ’র বাড়ি পার্শ্ববর্তী শিবপুর গ্রামে। তার বাবার নাম মৃত সোহেল সেখ।
আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুণুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। এখন পর্যন্ত তার মৃত্যুর কারণ জানা যায়নি।”
স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, শুভ শুক্রবার রাতে গোরস্থানের পাশে নান্দিয়ারা কওমী মাদ্রাসায় একটি ওয়াজ-মাহফিল শুনতে গিয়েছিলো। ওই দিন বিকেলে বাড়ি থেকে বেরিয়ে ফিরতে দেরী হওয়ায় পরিবারের লোকজন রাত এগারটার দিকে শুভ’র মোবাইলে ফোন করলে সে ওয়াজ মাহফিল শুনতে গেছে বলে জানায়। মাহফিল শেষ হলে রাতে তার চাচার বাড়িতে থাকবে বলে শুভ জানায় ।
সকালে স্থানীয় লোকজন জমিতে কাজ করতে গিয়ে কবরস্থানের আম গাছে তার লাশ ঝুলতে দেখেন। তাদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে পুলিশে খবর দেয়।
শুভ’র নানা মোসলেম খান জানান, আমার নাতির আত্মহত্যা করার কোন যুক্তিই নাই। কেউ তাকে হত্যা করে কবরস্থানের ছোট্ট ওই আমগাছের সাথে ঝুলিয়ে রেখেছে।
