হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার কুদালিয়া নদীতে ফাঁদ দিয়ে মাছ শিকার করতে গিয়ে রাজধন নমসুদ্র (৩৫) নামে এক জেলে নিখোঁজ হওয়ার ১৬ ঘন্টা পর ফায়ার সার্ভিসের ডুবুরি দল মরদেহ উদ্ধার করেছে।
বুধবার (৭ সেপ্টেম্বর) সকাল ১০টায় হবিগঞ্জ ফায়ার সার্ভিসের ডুবুরিদলের প্রধান ফকরুল ইসলামের নেতৃত্বে কুদালিয়া নদীতে প্রায় দেড় ঘন্টা চেষ্টা চালিয়ে মরদেহ উদ্ধার করা হয়। নিহত রাজধন নমসুদ্র উপজেলার জলসুখা ইউনিয়নের শঙ্খমহল গ্রামের মৃত. রাজেন্দ্র নমসদ্র পুত্র।
এর আগে মঙ্গলবার বিকালে কুদালিয়া নদীতে ছাই অর্থাৎ মাছ ধরার ফাঁদ পেতে বাড়ি ফিরছিলেন রাজধন নমসুদ্র। এসময় হঠাৎ তিনি নৌকা থেকে নদীতে পড়ে যান। নৌকায় থাকা নজরুল ইসলাম ও পরিমল ভট্রাচার্য্য নদীতে অনেক খোঁজাখোজি করে তাকে না পেয়ে জেলেদেরকে নিয়ে রাতভর খোঁজাখোজি করে কোন সন্ধান পাওয়া যায়নি।
আজমিরীগঞ্জ থানার এসআই আনোয়ার হোসেন বলেন, রাজধন নদী থেকে মাছ শিকারের ফাঁদ পেতে আসার সময় নদীর অপর তীর থেকে নজরুল ইসলাম ও পরিমল ভট্রাচার্য্যকে নদীর অপর প্রান্তে আনার জন্য নৌকাতে তোলে। এসময় তিনি হঠাৎ করেই রাজধন নৌকা থেকে নদীতে পড়ে তলিয়ে যায়। প্রায় ১৬ ঘন্টা পর হবিগঞ্জ ফায়ার সার্ভিসের ডুবুরি দল তার মরদেহ উদ্ধার করে।
