বাংলাদেশ-ভারতের সম্পর্ক পদ্মা-মেঘনা যমুনার মতো : মমতা

শেয়ার করুন:

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছেন, ‘ভারত ও বাংলাদেশের সম্পর্ক সেই ১৯৭১ সাল থেকে অবিরল ও অবিচল। একেবারে পদ্মা-মেঘনা-যমুনার মতো।’ গতকাল শুক্রবার শান্তিনিকেতনে বাংলাদেশ ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। মমতা বলেন, ‘অনেক জল গড়িয়ে গেছে, অনেক জল বেরোবে, অনেক জল গড়াবে। কিন্তু দুই দেশের সম্পর্ক আরও অনেক অনেক ভালো হবে এটা আমি বিশ্বাস করি।’

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে সম্মান জানিয়ে তিনি বলেন, ‘রবীন্দ্রনাথ ও নজরুল একই বৃন্তে দুটি কুসুম হিন্দু-মুসলমান। একজন তার নয়ন মনি একজন তার প্রাণ। রবীন্দ্র-নজরুলকে বাদ দিয়ে বাংলাদেশ যেমন ভাবতে পারে না, তেমন ভারতও।’ পশ্চিমবঙ্গ মুখ্যমন্ত্রী আরো বলেন, ‘ভারত ও বাংলাদেশের সম্পর্ক চিরকাল ছিল, আছে ও থাকবে। মর্যাদার সঙ্গে বাঁচবে। বাংলাদেশ ভবন আগামীতে তীর্থস্থান হবে। বিশ্ব বাংলার একটা বড় প্রাণকেন্দ্র হয়ে যাবে। কারণ বাংলাদেশ-ভারতের মধ্যে যে নিবিড় সম্পর্ক। সেই সম্পর্ক সুদৃঢ় করতে শান্তিনিকেতন এই কাজ করেছে।’ পশ্চিমবঙ্গে বঙ্গবন্ধুর নামে ‘বঙ্গবন্ধু ভবন’ তৈরি করতে চান বলে জানান মমতা। বাংলাদেশ ভবন নিয়ে উচ্ছ্বসিত মমতা বলেন, ‘আমার খুব ভালো লেগেছে, এটা দারুণ হয়েছে। আজ বঙ্গবন্ধুর কথা মনে পড়ছে বার বার। কারণ ভারতবর্ষ ও বাংলাদেশের সম্পর্ক সেই ১৯৭১ সাল থেকে।’ ভারতে কবি নজরুল ইসলামের নামে বিমানবন্দর, একাডেমি ইত্যাদির প্রসঙ্গ তুলে ধরেন মমতা।

শেয়ার করুন: