
ভারতের পশ্চিমবঙ্গের শান্তি নিকেতনে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর প্রতিষ্ঠিত বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে উদ্বোধন হলো বহুল আকাঙ্খিত ও নয়নাভিরাম বাংলাদেশ ভবনের। বাংলাদেশ সরকারের আর্থিক অনুদানে নির্মিত বাংলাদেশ ভবনটি দুই বাংলার শিক্ষা, সংস্কৃতি, গবেষণা সর্বোপরি জ্ঞানচর্চার সেতু বন্ধন হিসেবে কাজ করবে। জাঁকজমকপূর্ণ আয়োজনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যৌথভাবে বাংলাদেশ ভবনের উদ্বোধন করেন। এ সময়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও উপস্থিত ছিলেন।
বাংলাদেশ ও ভারতের তিন শীর্ষ রাজনীতিক- শেখ হাসিনা, নরেন্দ্র মোদী ও মমতা ব্যানার্জি দুই দেশের ঘনিষ্ঠ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরো উচ্চমাত্রায় এগিয়ে নেওয়ার ও বন্ধু হিসেবে একে অপরের পাশে থাকার অঙ্গীকার করেন। শেখ হাসিনা বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে দীর্ঘদিনের কৌশলগত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অপরাপর বিশ্বের জন্য ‘দ্বিপক্ষীয় সম্পর্কের মডেল’ হিসেবে বিবেচিত হচ্ছে। উভয় দেশের সহযোগিতার মনোভাব ভবিষ্যতেও অব্যাহত রাখবে।
এই অনুষ্ঠানে নরেন্দ্র মোদী বলেন, বাংলাদেশ ও ভারত দুটি আলাদা দেশ হলেও দুই দেশের স্বার্থগত সম্পর্ক রয়েছে। সাংস্কৃতিকভাবে হোক কিংবা সরকারি নীতির দিক দিয়ে হোক, আমরা এক অপরের কাছ থেকে অনেক কিছু শিখি। বাংলাদেশ ভবন তেমনই একটি দৃষ্টান্ত। অন্যদিকে মমতা ব্যানার্জি তার বক্তব্যে শেখ হাসিনা ও নরেন্দ্র মোদীর বক্তব্যের সঙ্গে সুর মিলিয়ে বলেন, আমাদের সম্পর্ক বহতা নদীর মতো। এই সম্পর্ক অনেক দূর গড়াবে।
