‘জাতীয় পার্টিই দেশে সুশাসন দিতে পারে’-এইচ এম এরশাদ

শেয়ার করুন:

একমাত্র জাতীয় পার্টিই দেশে সুশাসন দিতে পারে বলে দাবি করেছেন দলটির চেয়ারম্যান এইচ এম এরশাদ। তিনি বলেন, গুম-খুন আর রক্তে দেশ আজ ভালো নেই। প্রমাণ হয়েছে শুধু জাতীয় পার্টি ছাড়া কেউ এ দেশে সুশাসন দিতে পারে না। বৃহস্পতিবার বেলা ১১টা থেকে দেড়টা পর্যন্ত ঢাকা-১৭ সংসদীয় আসনের শাহজাদপুর, কড়াইল বস্তি ও মহাখালী কাঁচাবাজার এলাকায় নির্বাচনী গণসংযোগকালে এ কথা বলেন সাবেক এ রাষ্ট্রপতি।

এরশাদ বলেন, খুন-গুম আর রক্তে দেশ আজ ভালো নেই। শান্তির বাংলাদেশ এভাবে চলতে পারে না। মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছে, মানুষ বাঁচতে চায়। আমরা মানুষকে বাঁচাতে পথে নেমেছি। আমরা দেশের মানুষকে শান্তি দেব- মুক্তি দেব। আমাদের প্রার্থী তালিকা চূড়ান্ত, আমরা ৩০০ আসনেই নির্বাচন করব।

তিনি আরও বলেন, আমি যখন ক্ষমতা ছেড়েছি, তখন চালের দাম ১০ টাকা কেজি ছিল। নিত্যপণ্য মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে ছিল। মধ্যম আয়ের দেশ ঘোষণায় যারা উল্লসিত, তারা গ্রামের খবর জানেন না। মানুষের কষ্টের খোঁজ রাখেন না। সবাই ক্ষমতা টিকিয়ে রাখতে ব্যস্ত, মানুষের কষ্টের খোঁজ রাখার সময় নেই কারো।

তিনি বলেন, খবরের কাগজ খুললেই শুধু মানুষ খুন আর রক্তের খবর; ইচ্ছে করলেই এ খুন বন্ধ করা যায়। কিন্তু কারো খেয়াল নেই, কারো ইচ্ছে নেই হত্যাযজ্ঞ বন্ধ করতে।

এরশাদ বলেন, ঢাকা-১৭ আসনের এমপি থাকাকালে এ এলাকায় পানির কষ্ট দূর করতে ১৪টি পানির পাম্প বসিয়েছিলাম। আমরা রাস্তাঘাট করেছি, মানুষের জীবনমানের উন্নয়ন করেছি।

জাপার চেয়ারম্যান বলেন, আবারও সুযোগ দিন, মানুষের কল্যাণে কাজ করতে এখনও বেঁচে আছি। মানুষের দোয়ায় আল্লাহ বাঁচিয়ে রেখেছেন মানুষের কল্যাণে কাজ করার জন্য। তিনি আরও বলেন, লাঙ্গলে ভোট দিবেন, আমরা মানুষের জীবনের নিরাপত্তা দেব। আমাদের চেয়ে কেউ বেশি উন্নয়ন করতে পারেননি, কেউ পারবেও না।

এ সময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমীন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য এসএম ফয়সাল চিশতী, সুনীল শুভরায়, মেজর (অব.) খালেদ আখতার, সফিকুল ইসলাম সেন্টু, আমির হোসেন ভূঁইয়া, জাপা নেতা নুরুল ইসলাম নুরু, সুলতান আহমেদ সেলিম, হেলালউদ্দিন, আবুল খায়ের, নুরুল ইসলাম, আবদুল আজিজ, আলাউদ্দিন মৃধা প্রমুখ।

শেয়ার করুন: