মহাপরিচালকের প্রশংসাপত্র প্রাপ্ত রাজশাহী রেঞ্জের কর্মকর্তাদের সম্মাননা প্রদান
এ কে খান পিভিএম:
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর রাজশাহী রেঞ্জ কার্যালয়ে মহাপরিচালক’র প্রশংসাপত্র” প্রাপ্ত সদস্য ও কর্মকর্তাদের সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠান মর্যাদাপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। সোমবার ২২ জুন আয়োজিত এ অনুষ্ঠানে কর্মদক্ষতা, সততা, পেশাদারিত্ব এবং বাহিনীর প্রতি বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ১৩ জন সদস্য ও কর্মকর্তাকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী রেঞ্জের রেঞ্জ কমান্ডার মোঃ শফিকুল ইসলাম, পিএইচডি। তিনি প্রশংসাপত্রপ্রাপ্তদের হাতে সম্মাননা স্মারক তুলে দিয়ে তাঁদের দায়িত্বশীলতা, নিষ্ঠা ও পেশাগত দক্ষতার ভূয়সী প্রশংসা করেন। প্রধান অতিথির বক্তব্যে রেঞ্জ কমান্ডার বলেন, মহাপরিচালক’র প্রশংসাপত্র শুধু ব্যক্তিগত অর্জন নয়, এটি বাহিনীর প্রতি দায়িত্বশীলতা, সততা ও কর্মনিষ্ঠার স্বীকৃতি। তিনি ভবিষ্যতেও একই আন্তরিকতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সুনাম আরও সমুন্নত রাখার আহ্বান জানান। এ বছর রাজশাহী রেঞ্জ থেকে মহাপরিচালক’র প্রশংসাপত্র লাভ করেন ১৩ জন সদস্য ও কর্মকর্তা। তাঁরা হলেন সহকারী পরিচালক মোঃ শাহ আলম, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোঃ আব্দুল মোতালেব (সহকারী পরিচালক হিসেবে পদোন্নতিপ্রাপ্ত), উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোছাঃ হোসনে আরা, উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক মোঃ শেওল মিয়া, উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষিকা দিলনাজ খন্দা, সিপাহী মোঃ আকবর হোসেন, অঙ্গীভূত আনসার মোঃ রাজু আহমেদ ও মোঃ হেরোয়ার হোসেন, অফিস সহায়ক মোঃ ইদ্রিস আলী, ওয়ার্ড দলনেতা মোঃ আসাদুজ্জামান, ভিডিপি সদস্যা মোছাঃ মামতা বেগম ও মোছাঃ রুমা খাতুন এবং ইউনিয়ন দলনেত্রী মোছাঃ নাসিমা খাতুন। অনুষ্ঠানে রাজশাহী রেঞ্জের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন। তারা সম্মাননা প্রাপ্তদের অভিনন্দন জানান এবং তাঁদের এ অর্জনকে বাহিনীর অন্যান্য সদস্যদের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত হিসেবে অভিহিত করেন। অনুষ্ঠান শেষে রাজশাহী রেঞ্জের পক্ষ থেকে প্রশংসাপত্রপ্রাপ্ত সকল সদস্য ও কর্মকর্তাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। বক্তারা আশা প্রকাশ করেন, তাঁদের এই স্বীকৃতি বাহিনীর প্রতিটি সদস্যকে আরও দায়িত্বশীল, দক্ষ ও জনসেবামুখী হয়ে কাজ করতে অনুপ্রাণিত করবে।
মহাপরিচালকের প্রশংসাপত্র প্রাপ্ত রাজশাহী রেঞ্জের কর্মকর্তাদের সম্মাননা প্রদান
