বগুড়ার ঐতিহ্যবাহী ডাঃ মোজাফফর রহমান পরিবারের মানবসেবায় অনন্য দৃষ্টান্ত
এ কে খান :
বগুড়ার স্বনামধন্য মরহুম ডা. মোজাফফর রহমানের পরিবার দীর্ঘদিন ধরে দেশ বিদেশে মানবসেবা, জনকল্যাণমূলক কর্মকাণ্ড এবং সমাজ উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। পরিবারের সদস্যদের মধ্যে গুল আফরোজ মাহবুব, মিতুলী আকতার, মরহুম আলী মাহবুব এবং মোস্তাফিজুর রহমান পল্টু বিশেষ ভাবে সমাজসেবা মূলক কর্মকাণ্ডের মাধ্যমে মানুষের আস্থা ও শ্রদ্ধা অর্জন করেছেন। পরিবারটির সদস্যরা দেশের পাশাপাশি যুক্তরাজ্যেও বিভিন্ন সেবামূলক প্রতিষ্ঠানের সঙ্গে সম্পৃক্ত থেকে মানব কল্যাণে কাজ করছেন। একই সঙ্গে দেশের উত্তরাঞ্চলের অন্যতম সেবাধর্মী প্রতিষ্ঠান টিএমএসএস’র বিভিন্ন কার্যক্রমে আর্থিক সহায়তা প্রদান করে আসছেন।
জানা গেছে, মিতুলী আকতার নিজস্ব অর্থায়নে কার্ডিয়াক অ্যাম্বুলেন্স সেবা, ম্যামোগ্রাম কার্যক্রম, সুদমুক্ত ঋণ প্রদান এবং ত্রাণ বিতরণসহ বিভিন্ন মানবিক উদ্যোগ পরিচালনা করছেন। অন্যদিকে মোস্তাফিজুর রহমান পল্টু এতিমখানায় এতিম শিশুদের প্রতিপালন, স্বাস্থ্য খাতে সহায়তা, প্রতিবন্ধী পুনর্বাসন ও দুর্যোগকালীন ত্রাণ কার্যক্রমে নিয়মিত অবদান রাখছেন।
এছাড়া গুল আফরোজ মাহবুব তাঁর পিতা-মাতা, শ্বশুর-শাশুড়ি, ভগ্নী-ভ্রাতা এবং প্রয়াত স্বামী আলী মাহবুবের নামে ক্যান্সার চিকিৎসা ওয়ার্ড, কৃত্রিম অঙ্গ সংযোজন সেবা, চক্ষু চিকিৎসা এবং বিভিন্ন দুরারোগ্য রোগের চিকিৎসা কার্যক্রমে ধারাবাহিক ভাবে অনুদান প্রদান করে আসছেন।
এরই ধারাবাহিকতায় গত ১৩ মে তারিখে শারীরিক অসুস্থতা থাকা সত্ত্বেও ঢাকার গুলশানস্থ নিজ বাসভবনে বিশিষ্ট সমাজসেবক আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের পরিচালক ও দেশের শীর্ষ পর্যায়ের ও আন্তর্জাতিক মানের বেসরকারি উন্নয়ন সংস্থা আধুনিক টিএমএসএস’র প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক অধ্যাপিকা ড. হোসনে আরা বেগমের হাতে টিএমএসএস হাসপাতালের ক্যান্সার ওয়ার্ড ও ফ্রি বেড চিকিৎসা কার্যক্রমের জন্য ১০লাখ টাকার একটি অনুদানের চেক তুলে দেন গুল আফরোজ মাহবুব। চেক গ্রহণকালে অধ্যাপিকা ড. হোসনে আরা বেগম বলেন “আলী মাহবুব ক্যান্সার ওয়ার্ড”-এর রোগীদের সেবার মানোন্নয়নে এই অনুদান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও পরিবারের সদস্যরা মানবকল্যাণে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখবেন। তিনি আরও জানান, “আলী মাহবুব ক্যান্সার ওয়ার্ড”-এর রোগীদের সেবার মানোন্নয়ন বিষয়ে আয়োজিত দিনব্যাপী সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে গুল আফরোজ মাহবুবসহ পরিবারের দাতা সদস্যদের উপস্থিতি নিশ্চিত করা হবে। এতে এ অঞ্চলের মানুষের প্রত্যাশা পূরণ হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। অধ্যাপিকা ডক্টর হোসনে-আরা বেগম টিএমএসএস’র পক্ষে ১০ লক্ষ টাকা অনুদানের চেক গ্রহণ করে তাদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
সমাজসেবা মূলক কর্মকাণ্ডে ডা. মোজাফফর রহমান পরিবারের এ অবদান ইতোমধ্যে স্থানীয় জনগণের মাঝে ব্যাপক প্রশংসা অর্জন করেছে। বিশেষজ্ঞদের মতে, এ ধরনের মানবিক উদ্যোগ সমাজে সহমর্মিতা ও কল্যাণ মূলক সংস্কৃতি বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এ সময় তার পরিবারের সদস্য ও নির্বাহী পরিচালকের একান্ত সচিব সার্বিক মোঃ ফেরদৌস রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
বগুড়ার ঐতিহ্যবাহী ডাঃ মোজাফফর রহমান পরিবারের মানবসেবায় অনন্য দৃষ্টান্ত
