বগুড়ায় গাক চক্ষু হাসপাতালে আলোচনায় রোগীবান্ধব ও আধুনিক চিকিৎসা সেবা নিশ্চিতের আহবান।
এ কে খান :
রোগীদের সর্বোচ্চ মানের চিকিৎসাসেবা নিশ্চিত করতে বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে দেশের শীর্ষ স্থানীয় ও জাতীয় পর্যায়ের বেসরকারি উন্নয়ন সংস্থা গাক এর আওতাধীন পরিচালিত গাক চক্ষু হাসপাতাল। হাসপাতালে চক্ষুরোগীদের সেবার মান আরও উন্নত করা, রোগীবান্ধব পরিবেশ সৃষ্টি, আধুনিক চিকিৎসা ব্যবস্থাপনা জোরদার এবং রোগীদের সার্বিক সেবা নিশ্চিত করার লক্ষ্যে হাসপাতালের সম্মানিত চিকিৎসকদের সঙ্গে গাক’র প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক ডক্টর আলমগীর কবির এর এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বগুড়ার বনানী গাক টাওয়ার কার্যালয়ে ২৪ মে এ আলোচনা
সভায় রোগীদের দ্রুত ও মানসম্মত চিকিৎসাসেবা প্রদান, চিকিৎসা কার্যক্রমে বিদ্যমান বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলা, রোগীদের মতামত ও সন্তুষ্টি বৃদ্ধি, সেবার মান নিয়ন্ত্রণ ও ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়াও আধুনিক প্রযুক্তিনির্ভর চিকিৎসা ব্যবস্থাপনা ও দক্ষ জনবল উন্নয়নের বিষয়েও গুরুত্বারোপ করা হয়। আলোচনা সভায় নির্বাহী পরিচালক ডক্টর আলমগীর কবির বলেন, রোগীর আস্থা ও সন্তুষ্টিই আমাদের সবচেয়ে বড় অর্জন। মানবিক ও উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করতে আমরা সর্বদা আন্তরিক ভাবে কাজ করে যাচ্ছি। তিনি আরও বলেন, সাধারণ মানুষের দোরগোড়ায় উন্নত ও নির্ভরযোগ্য চক্ষু চিকিৎসাসেবা পৌঁছে দিতে হাসপাতাল কর্তৃপক্ষ নিরলসভাবে কাজ করছে। আধুনিক প্রযুক্তি ও দক্ষ চিকিৎসকদের সমন্বয়ে রোগীদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করাই প্রতিষ্ঠানের মূল লক্ষ্য। সভায় উপস্থিত চিকিৎসকরা রোগীদের কল্যাণে আরও কার্যকর ও সময়োপযোগী সেবা প্রদানের প্রত্যয় ব্যক্ত করেন। সুস্থ চোখ, সুন্দর জীবন এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাক চক্ষু হাসপাতাল উন্নত চক্ষু চিকিৎসাসেবা সম্প্রসারণে কাজ করে যাচ্ছে।
