প্রযুক্তি জ্ঞানভিত্তিক জাতি গঠনই আমাদের লক্ষ্য: প্রধানমন্ত্রী

শেয়ার করুন:

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নির্বাচনি ইশতাহার অনুযায়ী আমরা উন্নয়ন এজেন্ডা বাস্তবায়ন করছি। একটি আধুনিক ও প্রযুক্তি জ্ঞানভিত্তিক জাতি গড়ে তোলাই আমাদের লক্ষ্য। রোববার সকালে রংপুর বিভাগীয় সদর দপ্তর কমপ্লেক্স ভবন উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। গণভবন থেকে ভার্চুয়ালি বিভাগীয় কমপ্লেক্স মাল্টিপারপাস হলে আয়োজিত মূল অনুষ্ঠানে যুক্ত হন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, ৮ম পঞ্চবার্ষিক পরিকল্পনা আমরা বাস্তবায়ন শুরু করেছি। ২০১০ থেকে ২০২০ প্রেক্ষিত পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে উন্নয়নশীল দেশ হিসাবে জাতিসংঘের স্বীকৃতি অর্জন করেছি। আমাদের লক্ষ্য ২০৪১ সালের মধ্যে উন্নত-সমৃদ্ধ দেশ গড়ে তোলা। বাংলাদেশের অগ্রযাত্রা কেউ থামাতে পারবে না। সরকার মহাকাশে স্যাটেলাইট বঙ্গবন্ধু-১ উৎক্ষেপণ করেছে এবং ব্রডব্যান্ড ইন্টারনেট সেবাকে ইউনিয়ন পর্যায় পর্যন্ত পৌঁছে দেওয়ার উদ্যোগ গ্রহণ করেছে উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা আধুনিক প্রযুক্তি জ্ঞানসম্পন্ন জাতি গঠন করে বাংলাদেশকে উন্নত সমৃদ্ধ করতে চাই, সেটাই আমাদের লক্ষ্য।’

তিনি বলেন, সরকারের গৃহীত পদক্ষেপের ফলে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে এবং মানুষের মাথাপিছু আয় বেড়েছে, ক্রয়ক্ষমতা বেড়েছে। মানুষ সচ্ছল হওয়ার সুযোগ পাচ্ছে। কিন্তু আমরা চাই আমাদের আরও অনেক দূর যেতে হবে। এদেশে আর কখনো যেন মঙ্গা বা দুর্ভিক্ষ দেখা না দেয় এবং এ দেশের মানুষ যেন আর কোনো কষ্ট না পায় সেই চেষ্টা আমরা করছি।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কেএম আলী আজম ও রংপুর বিভাগীয় কমিশনার আব্দুল ওয়াহাব ভূঞা অনুষ্ঠানে বক্তৃতা করেন। নবনির্মিত রংপুর বিভাগীয় কমপ্লেক্সের ওপর একটি ভিডিও ডকুমেন্টারি অনুষ্ঠানে পরিবেশিত হয়।

প্রধানমন্ত্রী আরও বলেন, সারা দেশে কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে চিকিৎসাসেবা মানুষের দোরগোড়ায় নিয়ে আসার উদ্যোগ সরকার নিয়েছে। সেখান থেকে ৩০ পদের ওষুধ বিনামূল্যে প্রদান করা হচ্ছে। পাশাপাশি প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে বিনামূল্যে বই দেওয়া হচ্ছে।

শেয়ার করুন: