পাবনায় যথাযোগ্য মর্যাদায় পুলিশ মেমোরিয়াল ডে পালন ২০২২
বুলবুল হাসান: মঙ্গলবার (১ মার্চ) পাবনায় প্রয়াত পুলিশ সদস্যদের পরিবারের অংশগ্রহণে পাবনা জেলা পুলিশের উদ্যোগে মুক্তিযুদ্ধ সহ জননিরাপত্তা এবং আইন-শৃঙ্খলা রক্ষায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের স্মরণে পাবনায় অনুষ্ঠিত হয়েছে পুলিশ মেমোরিয়াল ডে। শহীদ পুলিশ দের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে পুলিশ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়। দিনের প্রথম ভাগে পুলিশ সুপারের কার্যালয় প্রাঙ্গণে পুলিশ মেমোরিয়াল স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে দিনের কর্মসূচি শুরু হয় ও এক মিনিট নীরবতা পালন করেন পুলিশ সুপারসহ শহীদ পরিবারের সদস্যরা।এ সময় অনুষ্ঠানে স্বজন হারানোদের কান্নায় পুরো অনুষ্ঠান ভারী হয়ে ওঠে। জেলা পুলিশের শহীদ আবদুল জলিল মিলনায়তনে স্মরণসভা অনুষ্ঠিত হয়।আলোচনা সভায় পাবনার পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন পাবনা-১ আসনের সাংসদ গোলাম ফারুক প্রিন্স।জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেন সহ অন্যরা বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আ স ম আবদুর রহিম, জেলা সংবাদপত্র পরিষদের সভাপতি আবদুল মতীন খানসহ প্রয়াত পুলিশ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান বলেন, পুলিশের ইতিহাস গৌরবের ইতিহাস। পুলিশ সদস্যরা দেশ ও মানুষের কল্যাণে কাজ করেছেন। কোনো স্বীকৃতিতে তাঁদের ঋণ শোধ করা যাবে না।
স্মরণসভা শেষে প্রয়াত ৫৬ জন পুলিশ সদস্য ও শহীদ মুক্তিযোদ্ধা ৬ জন পুলিশ সদস্যের পরিবারের সদস্যদের বিভিন্ন উপহার দেওয়া হয়। পুলিশ সুপারের কার্যালয়ের সামনে বিকেলে মুক্তিযোদ্ধা পুলিশ সদস্যদের স্মরণে ‘অম্লান-৭১’ নামে স্মৃতিস্তম্ভ উদ্বোধন করা হয় এবং যথাযোগ্য মর্যাদায় পুলিশ মেমোরিয়াল ডে পালন শেষ করা হয়।
