জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষ্যে রাষ্ট্রপতির বাণী

জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষ্যে রাষ্ট্রপতির বাণী
শেয়ার করুন:

জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষ্যে রাষ্ট্রপতির বাণী

ঢাকা, ১৬ আশ্বিন (১ অক্টোবর):  

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর আগামীকাল ‘জাতীয় উৎপাদনশীলতা দিবস-২০২৬’ উপলক্ষ্যে নিম্নোক্ত বাণী প্রদান করেছেন:

“শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন ন্যাশনাল প্রোডাকটিভিটি অর্গানাইজেশন (এনপিও) এর উদ্যোগে দেশব্যাপী ‘জাতীয় উৎপাদনশীলতা দিবস-২০২৬’ পালিত হচ্ছে জেনে আমি আনন্দিত। দিবসটি উপলক্ষ্যে আমি দেশের সকল শ্রমজীবী মানুষ, উদ্যোক্তা, পেশাজীবী, প্রযুক্তিবিদ, গবেষক এবং উৎপাদন ও সেবা খাতের সঙ্গে সংশ্লিষ্ট সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

উৎপাদনশীলতা একটি দেশের অর্থনৈতিক অগ্রগতি, প্রতিযোগিতামূলক সক্ষমতা এবং মানুষের জীবনমান উন্নয়নের অন্যতম গুরুত্বপূর্ণ ভিত্তি। সীমিত সম্পদের সর্বোত্তম ব্যবহার, পণ্যের গুণগত মান বৃদ্ধি, উৎপাদন ব্যয় ও অপচয় হ্রাস এবং আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতার সক্ষমতা অর্জনের জন্য উৎপাদনশীলতা বৃদ্ধির বিকল্প নেই। কিন্তু বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তির প্রভাবে প্রতিনিয়ত পরিবর্তনশীল বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতিতে আমাদের শিল্প ও সেবা খাতকে আরো দক্ষ, উদ্ভাবনী ও প্রযুক্তিনির্ভর করে গড়ে তুলতে হবে। এ প্রেক্ষাপটে দিবসটির এ বছরের প্রতিপাদ্য ‘উৎপাদনশীলতা বৃদ্ধিতে উদ্ভাবন, প্রযুক্তি ও দক্ষতার সমন্বয়’ অত্যন্ত সময়োপযোগী ও তাৎপর্যপূর্ণ হয়েছে বলে আমি মনে করি।

বৃহৎ শিল্পোদ্যোক্তাদের পাশাপাশি দেশের ক্ষুদ্র, অতিক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাগণও এখন কর্মসংস্থান সৃষ্টি, শিল্পায়ন এবং অর্থনৈতিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। তাদের প্রযুক্তিগত ও ব্যবস্থাপনাগত সক্ষমতা বৃদ্ধি, দক্ষতা উন্নয়ন এবং নীতিগত সহায়তা প্রদানের মাধ্যমে সার্বিক উৎপাদনশীলতা বৃদ্ধি ও দেশের সামগ্রিক শিল্পভিত্তিকে আরো শক্তিশালী করা সম্ভব। এক্ষেত্রে সরকার, শিল্পোদ্যোক্তা, শ্রমিক, গবেষক, শিক্ষাপ্রতিষ্ঠান এবং সংশ্লিষ্ট সকল অংশীজনের সমন্বিত উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

আমি আশা করি, ন্যাশনাল প্রোডাকটিভিটি অর্গানাইজেশন দেশের শিল্প ও সেবা প্রতিষ্ঠানসমূহের উৎপাদনশীলতা বৃদ্ধিতে প্রয়োজনীয় প্রশিক্ষণ, গবেষণা, পরামর্শ ও কারিগরি সহায়তা অব্যাহত রাখবে। টেকসই উদ্ভাবন, আধুনিক প্রযুক্তি ও দক্ষ মানবসম্পদের যথাযথ ও সমন্বিত ব্যবহারের মাধ্যমে বাংলাদেশ অদূর ভবিষ্যতে একটি অধিক উৎপাদনশীল, প্রতিযোগিতামূলক ও টেকসই শিল্প অর্থনীতি গড়ে তুলতে সক্ষম হবে-এ প্রত্যাশা করি।

আমি, ‘জাতীয় উৎপাদনশীলতা দিবস-২০২৬’ উপলক্ষ্যে গৃহীত সকল কর্মসূচির সার্বিক সাফল্য কামনা করি।”

শেয়ার করুন: