খুলনায় আনসার-ভিডিপি’র জাপানিজ ভাষা প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ

খুলনায় আনসার-ভিডিপি'র জাপানিজ ভাষা প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ
শেয়ার করুন:

খুলনায় আনসার-ভিডিপি’র জাপানিজ ভাষা প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ
এ কে খান পিভিএম :
খুলনায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্যোগে তিন মাসব্যাপী জাপানিজ ভাষা শিক্ষা প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় ইলাইপুর আনসার ও ভিডিপি আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে ৩৬ জন ভিডিপি সদস্যকে সনদ প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর খুলনা রেঞ্জের,রেঞ্জ কমান্ডার মো. আব্দুস সামাদ, বিভিএম, পিডিএমএস। বিশেষ অতিথি ছিলেন খুলনা আনসার ব্যাটালিয়নের (২০ বিএন) উপ-পরিচালক মো. ফয়সাল হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আনসার ও ভিডিপি’র খুলনা জেলা কমান্ড্যান্ট মো. মিনহাজ আরেফিন। এছাড়াও বাহিনীর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, প্রশিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মো. আব্দুস সামাদ বলেন, বর্তমান প্রতিযোগিতা মূলক বিশ্বে ভাষা দক্ষতা কর্মসংস্থান ও আত্ম উন্নয়নের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম। বিশেষ করে জাপানিজ ভাষার ওপর দক্ষতা অর্জনের মাধ্যমে তরুণদের জন্য আন্তর্জাতিক শ্রমবাজারে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হচ্ছে। তিনি বলেন, জাপানিজ ভাষা শিক্ষা শুধু একটি ভাষা শেখার মধ্যেই সীমাবদ্ধ নয়, এটি শৃঙ্খলা, সংস্কৃতি ও পেশাগত দক্ষতা অর্জনেরও একটি গুরুত্বপূর্ণ ধাপ।তিনি আরও বলেন, আনসার ও ভিডিপি সদস্যরা দেশের আইন শৃঙ্খলা রক্ষা, সামাজিক নিরাপত্তা নিশ্চিতকরণ এবং দুর্যোগ মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। পাশাপাশি তাদের দক্ষ মানব সম্পদ হিসেবে গড়ে তুলতে আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। জাপানিজ ভাষা শিক্ষা প্রশিক্ষণ সেই ধারাবাহিকতারই একটি অংশ, যা সদস্যদের আত্মনির্ভরশীল করে তুলবে এবং বিদেশে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে। প্রশিক্ষণ সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, তিন মাসব্যাপী এ কোর্সে অংশ গ্রহণকারী ৩৬ জন ভিডিপি সদস্য জাপানিজ ভাষার প্রাথমিক যোগাযোগ দক্ষতা, জাপানের সংস্কৃতি, আচরণ বিধি ও কর্মক্ষেত্র ভিত্তিক ভাষা ব্যবহারের ওপর প্রশিক্ষণ গ্রহণ করেন। ভবিষ্যতে আরও বিস্তৃত পরিসরে এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনার পরিকল্পনার কথাও জানান তারা। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি প্রশিক্ষণার্থীদের হাতে সনদপত্র তুলে দেন। এ সময় প্রশিক্ষণার্থীদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়। তারা জানান, এ প্রশিক্ষণ তাদের নতুন কর্মসংস্থানের সম্ভাবনা তৈরি করবে এবং ভবিষ্যৎ ক্যারিয়ার গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

শেয়ার করুন: