আমিনপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৩
কামরুল ইসলাম : পাবনার আমিনপুরে ট্রাকের ধাক্কায় সিএনজি চালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এতে গুরুতর আহত হয়েছেন আরও তিন যাত্রী। মঙ্গলবার (২৯ মার্চ) রাতে পাবনা-কাজীরহাট মহাসড়কের আমিনপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত যাত্রীরা হলেন- সুজানগর উপজেলার সৈয়দপুর গ্রামের মুন্নাফ সেখের ছেলে নাজমুল (২৪) ও ঈশ্বরদী উপজেলার সরাইকান্দি গ্রামের সোহাগ (৩০)।
আহতরা হলেন- সুমন সেখ, মনোয়ারা বেগম ও তার মেয়ে ইয়াসমিন।
আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রওশন আলী জানান, রাত ৯ টার দিকে কাজীরহাট থেকে ছেড়ে আসা একটি ট্রাক যাত্রীবাহী সিএনজি চালিত অটোরিকশাকে পেছন থেকে ধাক্কা দিলে অটোরিকশায় থাকা নাজমুল নামের এক যাত্রী ঘটনাস্থলেই নিহত হন এবং আরও চারজন আহত হন। আহতদের উদ্ধার করে প্রথমে বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে পাবনা সদর হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় রাতেই আরেক যাত্রী সোহাগের মৃত্যু হয়। খবর পেয়ে ঘাতক ট্রাক ও ক্ষতিগ্রস্ত অটোরিকশাটিকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। তবে ট্রাকের চালক পালিয়েছেন।
