আমিনপুরে এবিসিবার্তা ও থানা প্রেসক্লাবের অফিস উদ্বােধন

শেয়ার করুন:

আমিনপুরে এবিসিবার্তা ও থানা প্রেসক্লাবের অফিস উদ্বােধন

নিজস্ব প্রতিবেদক : পাবনার আমিনপুরে এবিসিবার্তার বার্তা অফিস ও আমিনপুর থানা প্রেসক্লাবের কার্যালয় উদ্বােধন করা হয়। রোববার (২৭ ফ্রেব্রুয়ারি) বিকেলে আমিনপুরের সেলিম মার্কেটে প্রেসক্লাব সভাপতি হাফিজুর রহমানের সভাপতিত্বে উদ্বােধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা-ভিসি কৃষি বিজ্ঞানী ড. আমিন উদ্দিন মৃধা।

প্রেসক্লাবের অর্থ সম্পাদক কামরুল ইসলামের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন এবিসিবার্তার প্রকাশক ও সম্পাদক আলীম আল রাজী। আরও বক্তব্য রাখেন কাশিনাথপুর প্রেসক্লাব সেক্রেটারী কামরুজ্জামান টিপু, কাশিনাথপুর মহিলা ডিগ্রি কলেজের সাবেক সভাপতি এম এম শাহবুদ্দিন টুটুল, কাজীরহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাশেম প্রাং, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের মেধাবী শিক্ষার্থী (প্রাক্তন) খন্দকার সাগর, কাশিনাথপুর মহিলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মাসুদ বিন আমিন বিপ্লব, আমিনপুর থানা প্রেসক্লাবের সেক্রেটারী ও দৈনিক আমাদের সময়ের বেড়া প্রতিনিধি আলাউল হোসেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন- সর্বসাংবাদিক সালাহউদ্দিন আহমেদ, রেজাউল করিম, সাইদুল ইসলাম, তৌহিদুল ইসলাম শাকিল, ছহিউল ইসলাম শিপন, মোল্লা নূরুন্নবী মুকুল, ফেরদৌস তপন, আসাদুজ্জামান বিকাশ প্রমূখ।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজ ও রাষ্ট্রের দর্পণ সংবাদপত্র। কারণ, দর্পণে যেমন কোনো বস্তুর প্রকৃত রূপ ফুটে উঠে-তেমনি সমকালীন বিশ্ব চরাচরের চলমান গতি-প্রকৃতি, ঘটনাপ্রবাহ, জীবনচিত্র ও দিকনির্দেশনা পাওয়া যায় সংবাদপত্রে। সামাজিক ও রাষ্ট্রিক উন্নয়ন-অগ্রগতি, সত্য-সুন্দর এবং ন্যায়-নীতি প্রতিষ্ঠায় সংবাদপত্রের ভূমিকা অপরিসীম।

আমিনপুর থানা প্রেসক্লাব ও এবিসিবার্তা অত্র এলাকার সাধারণ ও অবহেলিত মানুষের আশার আলো হয়ে উঠুক সেই প্রত্যাশা নিয়ে বক্তব্য রাখেন প্রধান অতিথি ড. আমিন উদ্দিন মৃধা। তিনি বলেন, গণমানুষের তথ্য, শিক্ষা, বিনোদনসহ নানাধর্মী চাহিদা মেটায় গণমাধ্যম। গণমাধ্যম জনগণকে প্রভাবিত করে, বিভিন্ন বিষয়ে সচেতন করে এবং স্বপ্ন দেখায়। গণমানুষ তাদের যাপিত জীবনের বিভিন্ন দিক নির্দেশনা পায় গণমাধ্যমের কাছ থেকে।
সামাজিক জীবনের নানা সমস্যা মোকাবেলায় গণমাধ্যম সহযোগী হাতিয়ার হিসেবে কাজ করে। সমাজ থেকে ক্ষুধা, দারিদ্র্য, কুসংস্কার, অজ্ঞতা ও বৈষম্য দূরীকরণে গণমাধ্যম কাজ করে। বিভিন্ন গবেষণায় দেখা যায়, গণমাধ্যম বিশেষ করে রেডিও, টেলিভিশন ও সংবাদপত্রের ভূমিকার কারণে উৎপাদন বৃদ্ধি, পশু পালন, কৃষি উপকরণ ব্যবহার, বিভিন্ন রোগ প্রতিরোধ, শিশু পরিচর্যা, পরিবার পরিকল্পনার বিভিন্ন তথ্য সংগ্রহ, শিক্ষা কার্যক্রম পরিচালনাসহ নানা বিষয়ে সমাজে ইতিবাচক পরিবর্তন এসেছে। আমিনপুর থানা প্রেসক্লাবের সদস্যবৃন্দ ও এবিসিবার্তা পরিবার অত্র এলাকার মানুষের মধ্যে ইতিবাচক পরিবর্তন আনতে সক্ষম হবে বলে আমি বিশ্বাস করি। এই প্রতিষ্ঠানদুটির সাথে তিনি নিজেকে সম্পৃক্ত রাখার প্রত্যয় ব্যক্ত করে বক্তব্য শেষ করেন।

শেয়ার করুন: