ঢাকা প্রতিনিধি: বর্ণিল আয়োজন ও আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হলো আদ্-দ্বীন ফাউন্ডেশন পরিচালিত আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের নবীন এমবিবিএস শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম।
মঙ্গলবার (১৭ জুন) সকাল ৯টায় ফুল দিয়ে নবীনদের বরণ করে নেয় কলেজ কর্তৃপক্ষ। এরপর সকাল সাড়ে ৯টায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের আয়োজনে জুম প্ল্যাটফর্মে দেশব্যাপী সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজগুলোর সমন্বিত ওরিয়েন্টেশন অনুষ্ঠান হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মন্ত্রণালয়ের উপদেষ্টা নূরজাহান বেগম।
আদ্-দ্বীন মেডিকেল কলেজের ব্যারিস্টার রফিক-উল হক অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডা. শেখ মহিউদ্দিন। তিনি বলেন, “ডাক্তারি একটি মহান পেশা। মানবসেবা করার মাধ্যমে সৃষ্টিকর্তার সন্তুষ্টি অর্জন সম্ভব। তোমাদের হৃদয় দিয়ে পড়তে হবে, সময়ের অপচয় নয়।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অধ্যাপক ডা. আনোয়ার হোসেন মুন্সী। দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন অধ্যক্ষ অধ্যাপক ডা. মাহমুদা হাসান। উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ অধ্যাপক ডা. মাজহারুল ইসলামসহ শিক্ষক-কর্মকর্তা ও শিক্ষার্থীরা।
ওরিয়েন্টেশন উপলক্ষে কলেজ ক্যাম্পাস সেজে ওঠে রঙ-বেরঙের বেলুন, ফেস্টুন ও ফুলে। নবাগত শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত ছিল চারপাশ। মানব সেবার মহৎ ব্রত নিয়ে আগত শিক্ষার্থীদের চোখে-মুখে ছিল নতুন স্বপ্ন ও প্রত্যয়।
উল্লেখ্য, চলতি শিক্ষাবর্ষে আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজে ৭৪ জন দেশি ও ২৬ জন বিদেশিসহ মোট ১০০ জন ছাত্রী ভর্তি হয়েছেন।
