বগুড়ায় গাক’র উদ্যোগে মৎস্য খাতে বাজার সংযোগ কর্মশালা অনুষ্ঠিত

বগুড়ায় গাক’র উদ্যোগে মৎস্য খাতে বাজার সংযোগ কর্মশালা অনুষ্ঠিত
শেয়ার করুন:

বগুড়ায় গাক’র উদ্যোগে মৎস্য খাতে বাজার সংযোগ কর্মশালা অনুষ্ঠিত
এ কে খান :
পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর আর্থিক ও কারিগরি সহায়তায় এবং দেশের শীর্ষ স্থানীয় ও জাতীয় পর্যায়ের বেসরকারি উন্নয়ন সংস্থা গ্রাম উন্নয়ন কর্ম (গাক)-এর বাস্তবায়নে পরিচালিত স্পেশাল প্রোগ্রাম-ডেভেলপমেন্ট (কৃষি) প্রকল্পের মৎস্য খাতের আওতায় “বাজার সংযোগ কর্মশালা” অনুষ্ঠিত হয়েছে। বুধবার ১৪ মে বগুড়ার বনানীতে অবস্থিত গাক টাওয়ারের প্রকল্প কার্যালয়ে এ কর্মশালার আয়োজন করা হয়।
কর্মশালার মূল লক্ষ্য ছিল মৎস্য খাতের উদ্যোক্তা, উৎপাদক ও ব্যবসায়ীদের মধ্যে কার্যকর বাজার সংযোগ তৈরি, আধুনিক বিপণন কৌশল সম্পর্কে ধারণা প্রদান এবং মাছ উৎপাদন ও বাজারজাতকরণ ব্যবস্থাকে আরও গতিশীল ও লাভজনক করে তোলা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা, বিসিএস (মৎস্য) কর্মকর্তা মো. গোলাম মোর্শেদ। তিনি তার বক্তব্যে দেশের মৎস্য খাতের সম্ভাবনা, নিরাপদ মাছ উৎপাদন, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং বাজার সম্প্রসারণের বিভিন্ন দিক তুলে ধরেন। পাশাপাশি উদ্যোক্তাদের মানসম্মত উৎপাদন নিশ্চিত করে বাজারের চাহিদা অনুযায়ী কার্যক্রম পরিচালনার আহ্বান জানান। এসময় আরও উপস্থিত ছিলেন গাক-এর মৎস্য কর্মকর্তা মো. রবিউল আলম, কৃষি কর্মকর্তা মো. মাছুদ রানা প্রধান ও প্রকল্পের সহকারী কর্মকর্তা প্রমুখ।
কর্মশালায় অংশ নেন মৎস্য ব্যবসায়ী, পোনা মাছ উৎপাদনকারী, মাছের খাদ্য ব্যবসায়ী, খামার মালিক, মাছ চাষি ও স্থানীয় উদ্যোক্তারা। উন্মুক্ত আলোচনায় অংশ গ্রহণকারীরা বাজার ব্যবস্থাপনা, উৎপাদন ব্যয় হ্রাস, মাছের ন্যায্যমূল্য নিশ্চিতকরণ, সরাসরি ক্রেতাদের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি এবং ভবিষ্যৎ ব্যবসায়িক সম্ভাবনা নিয়ে মতবিনিময় করেন।
আয়োজকরা জানান, এ ধরনের কর্মশালার মাধ্যমে অংশ গ্রহণকারীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি পাবে ও বাজার ভিত্তিক পরিকল্পনা গ্রহণের মাধ্যমে টেকসই মৎস্য খাত উন্নয়নে নতুন সম্ভাবনার সৃষ্টি হবে।

শেয়ার করুন: