আরিফ খান, স্টাফ রিপোর্টার পাবনার সাঁথিয়া উপজেলায় আশ্রায়ণ প্রকল্পের ঘর নির্মাণের সঙ্গে জড়িত শ্রমিকদের ওপর স্থানীয় ২৫ থেকে ৩০ জন এলাকাবাসী হামলা চালিয়েছে। এতে অন্তত ১০ জন শ্রমিক আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।
রোববার (২০ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে উপজেলার সাঁথিয়া পৌরসভার ৭ নং ওয়ার্ডের শালঘর মহল্লায় এ ঘটনাটি ঘটে।
এলাকাবাসীর পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, স্থানীয় এক নারীকে উত্ত্যক্ত করায় ও পেঁয়াজের জমি নষ্ট করে মাটি বহন করার শ্রমিকদের ওপর হামলা করা হয়েছে। অন্যদিকে কর্মরত শ্রমিক ও প্রকল্পের সঙ্গে যুক্ত কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, যে খাস জমিতে (সরকারি) আশ্রায়ণ প্রকল্পের ঘর নির্মাণ করা হচ্ছে সেই জমি হাতছাড়া হওয়ার ক্ষোভ থেকে স্থানীয় কয়েকজনের মদদে এই হামলার ঘটনা ঘটেছে।
সরেজমিনে গিয়ে জানা যায়, উপজেলার শালঘর গ্রামের কৃষিজমির পাশে খাস জমি চিহ্নিত করে ১৪টি পরিবারের জন্য আশ্রায়ণ প্রকল্পের ঘর নির্মাণের উদ্যোগ নেয় সাঁথিয়া উপজেলা প্রশাসন। ঘর নির্মাণের জন্য যে জায়গাটি নির্বাচন করা হয়েছে তা স্থানীয় কয়েকজন ভোগদখল করে আসছিলেন। ফলে জায়গা নির্বাচনের পর থেকেই ভোগদখলকারীরা ক্ষোভ প্রকাশ করে আসছিলেন।
সপ্তাহ দুয়েক হলো ওই জায়গায় ঘর নির্মাণের কাজ শুরু হয়েছে। আরও দুই-তিন সপ্তাহের মধ্যে নির্মাণ কাজ শেষ হবে বলে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় জানিয়েছে। রোববার সকাল দশ টার দিকে ১৪ থেকে ১৫ জন শ্রমিক ঘর নির্মাণের কাজ করছিলেন। এ সময় কয়েকজন শ্রমিক অন্যান্য কাজের সঙ্গে ট্রাকে করে আনা মাটি একটি পেঁয়াজ ক্ষেতের আইলের ওপর দিয়ে নির্মাণস্থলে বহন করছিলেন। এ সময় হঠাৎ করেই ২৫ থেকে ৩০ জন এলাকাবাসী লাঠিসোটা নিয়ে শ্রমিকদের ওপর হামলা চালায়। তাঁদের বেধরক পিটুনিতে নজরুল ইসলাম (৩০), রফিকস(২৫), নাইম (২০), মজনু (৩০), মওলা (২৫), রিপন (২৫), লোকমান (৩০), তারেক (২৮), মোমিনসহ (২২) অন্তত ১০জন শ্রমিক আহত হন। তাঁদের মধ্যে সাতজনকে (আজ ২০ ফেব্রুয়ারি বিকাল ৫টা) সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
সরেজমিনে ঘটনাস্থলে গেলে, স্থানীয় কয়েকজন জানান, কর্মরত এ শ্রমিক দুই-তিন দিন আগে এক নারীকে উত্ত্যক্ত করায় গ্রামবাসী একজোট হয়ে হামলা শ্রমিকদের ওপর হামলা করে। তবে কিছুক্ষণ পর অন্য কয়েকজন জানান, পেঁয়াজ ক্ষেতের মধ্য দিয়ে মাটি বহন করার সময় ক্ষেত নষ্ট হওয়ার কারণে হামলার ঘটনা ঘটে।
শ্রমিকদের হেডমিস্ত্রী আলমগীর হোসেন জানান, উত্ত্যক্ত করা বা ক্ষেত নষ্ট করার অভিযোগ মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আব্দুল্লা আল জাবের বলেন, ‘খাস জতছাড়া হওয়ার ক্ষোভ থেকে মিথ্যা অভিযোগ তুলে শ্রমিকদের ওপর হামলা চালানো হয়েছে।’
সাঁথিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম জামাল আহমেদ বলেন, ‘খাস জমি হাতছাড়া হওয়ার ক্ষোভ থেকেই এই হামলার ঘটনা ঘটানো হয়েছে। এ ঘটনায় আমরা আইনগত পদক্ষেপের প্রস্তুতি চলছে।’
