সমাজকল্যাণ ও নারী-শিশু উন্নয়নে টিএমএসএস’র কার্যক্রমে মন্ত্রণালয়ের সহায়তা কামনা

শেয়ার করুন:

সমাজকল্যাণ ও নারী-শিশু উন্নয়নে টিএমএসএস’র কার্যক্রমে মন্ত্রণালয়ের সহায়তা কামনা
এ কে খান :
দেশের শীর্ষ পর্যায়ের ও আন্তর্জাতিক মানের বেসরকারি উন্নয়ন সংস্থা টিএমএসএস’র আওতাধীন পরিচালিত সমগ্র দেশ ব্যাপী লক্ষাধিক কমিউনিটি বেইজড মহিলা সমিতিসহ বিভিন্ন সামাজিক উন্নয়ন মূলক কার্যক্রমে সরকারি সহায়তা জোরদারের লক্ষ্যে সমাজ কল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রীর সাথে অধ্যাপিকা ড.হোসনে-আরা বেগমের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার ৪ মার্চ ঢাকায় মন্ত্রণালয়ে সৌজন্য সাক্ষাৎ শেষে মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ডা. আবু জাফর মোঃ জাহিদ হোসেন-কে শুভেচ্ছা জানান বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজ সেবক, আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের পরিচালক ও টিএমএসএস’র নির্বাহী পরিচালক অধ্যাপিকা ড. হোসনে-আরা বেগম। সভায় টিএমএসএস’র পক্ষ থেকে দেশের বিভিন্ন জেলায় পরিচালিত নারী উন্নয়ন ও সমাজ কল্যাণ ভিত্তিক কার্যক্রমের বিস্তারিত চিত্র তুলে ধরা হয়।বিশেষ ভাবে উল্লেখ করা হয় যে, সংস্থাটি সারা দেশে লক্ষাধিক কমিউনিটি বেইজড মহিলা সমিতি পরিচালনার মাধ্যমে দেশের নারীদের আর্থ-সামাজিক ক্ষমতায়ন, সঞ্চয় গঠন, ক্ষুদ্রঋণ সুবিধা ও দক্ষতা উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করছে। উত্তরবঙ্গের কেন্দ্রস্থল বগুড়া জেলায় টিএমএসএস’র নানা সামাজিক, মানবিক ও কল্যাণমূলক উদ্যোগের বিষয়েও আলোচনা অনুষ্ঠিত হয়। এর মধ্যে রয়েছে এতিমখানা, প্রবীণ নিবাস, প্রতিবন্ধী পুনর্বাসন কেন্দ্র, লেবার কন্ট্রাক্টিং সোসাইটি, প্রাতিষ্ঠানিক ডে-কেয়ার সেন্টার এবং প্রায় দুই শতাধিক দাতব্য প্রাথমিক স্বাস্থ্য শিক্ষা ও চিকিৎসা সেবা কেন্দ্র।এসব কার্যক্রমের মাধ্যমে দেশের অবহেলিত ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও পুনর্বাসনে গুরুত্বপূর্ণ অবদান রাখা হচ্ছে বলে সভায় জানানো হয়।আলোচনায় সমাজ কল্যাণ, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সার্বিক সহায়তা, নীতিগত সহযোগিতা ও সমন্বিত উদ্যোগের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করা হয়। বক্তারা বলেন সরকারি-বেসরকারি অংশীদারিত্বের মাধ্যমে নারী, শিশু, প্রবীণ ও প্রতিবন্ধী জনগোষ্ঠীর জন্য টেকসই সেবা নিশ্চিত করা সম্ভব। মাননীয় মন্ত্রী ডা. আবু জাফর মোঃ জাহিদ হোসেন সমাজ কল্যাণ মূলক কার্যক্রমে টিএমএসএস’র বহুমাত্রিক অবদানের প্রশংসা করেন এবং সংশ্লিষ্ট খাতে কার্যকর সমন্বয় ও সহযোগিতার আশ্বাস দেন। সভা শেষে অধ্যাপিকা ড. হোসনে-আরা বেগম মাননীয় মন্ত্রীকে শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানান। তিনি আশা প্রকাশ করেন, মন্ত্রণালয়ের সার্বিক সহায়তায় টিএমএসএস’র সমাজ কল্যাণ ও নারী-শিশু উন্নয়ন কার্যক্রম আরও বিস্তৃত ও গতিশীল হবে। সভায় উভয় পক্ষ দেশের প্রান্তিক জন গোষ্ঠীর কল্যাণে সম্মিলিত ভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। এ সময় সংশ্লিষ্ট দপ্তরের উর্ধ্বতন কর্মকর্তা ও নির্বাহী পরিচালকের একান্ত সচিব সার্বিক মোঃ ফেরদৌস রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন: