বেড়ায় অগ্নিকাণ্ড॥ আতঙ্কে ১ জনের মৃত্যু

শেয়ার করুন:

বেড়া প্রতিনিধি : পাবনার বেড়ায় আগুনে তিন দোকান পুড়ে ছাই হয়েছে। এতে অন্তত ৫ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের। এসময় আতংকিত হয়ে ওই মার্কেট মালিক সমর সাহা মৃত্যুবরণ করেন। ৩০ জানুয়ারি রোববার রাত ১২টার দিকে উপজেলার পুরাণভারেঙ্গা ইউনিয়নের বসন্তপুর গ্রামের সাহা মার্কেটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্তদের বরাত দিয়ে প্রত্যক্ষদর্শীরা জানান, শীতকাল হওয়ায় বাজারের ব্যবসায়ীরা অন্যদিনের তুলনায় একটু আগে দোকান বন্ধ করে নিজ নিজ বাড়িতে চলে যান। রাত ১২টার দিকে বসন্তপুর সাহা মার্কেটে অবস্থিত রাজকুমার সেলুন থেকে প্রথমে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। এসময় বাজারে থাকা নৈশপ্রহরী ও উপস্থিত লোকজনের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। কিন্তু তার আগে আগুনে একটি হোমিও ওষুধের দোকান, একটি সেলুন ও ব্যাটারীর (অটো-ভ্যানের ব্যাটারী) দোকান পুড়ে ছাই হয়ে যায়। এতে দোকানগুলোতে থাকা মূল্যবান ওষুধ-ব্যাটারী-মালামাল পুড়ে প্রায় ৫ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে জানা যায়। এ সময় ওই মার্কেট মালিক সমর সাহা অসুস্থ হয়ে পড়েন। তাকে তৎক্ষণাৎ স্বাস্থ্যকেন্দ্রে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। সমর সাহা বসন্তপুর গ্রামের মৃত হেমন্ত সাহার ছেলে। আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
কাশিনাথপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. কামরুল হক জানান, খবর পেয়ে কাশিনাথপুর স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

শেয়ার করুন: