বগুড়ায় গাক ইন্সটিটিউট অব টেকনোলজির তিন ট্রেডের তিন মাসব্যাপী প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

বগুড়ায় গাক ইন্সটিটিউট অব টেকনোলজির তিন ট্রেডের তিন মাসব্যাপী প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত
শেয়ার করুন:
বগুড়ায় গাক ইন্সটিটিউট অব টেকনোলজির তিন ট্রেডের তিন মাসব্যাপী প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত
এ কে খান :
দক্ষ মানবসম্পদ গড়ে তোলার লক্ষ্যে দেশের শীর্ষ স্থানীয় ও জাতীয় পর্যায়ের বেসরকারি উন্নয়ন সংস্থা গ্রাম উন্নয়ন কর্ম (গাক) পরিচালিত গাক ইন্সটিটিউট অব টেকনোলজি-এর তিনটি ট্রেডের তিন মাসব্যাপী কারিগরি প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠান বগুড়ায় অনুষ্ঠিত হয়েছে। রবিবার ৫ জুলাই এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ এবং ভবিষ্যৎ কর্মজীবনে সফলতা অর্জনের লক্ষ্যে বিভিন্ন দিক নির্দেশনা মূলক বক্তব্য প্রদান করা হয়। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্রাম উন্নয়ন কর্ম (গাক)-এর নির্বাহী পরিচালক ও ক্যাপস্টোন ফেলো-এনডিসি ড. খন্দকার আলমগীর হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাক’র সিনিয়র পরিচালক ড. মো. মাহবুব আলম।
প্রধান অতিথির বক্তব্যে ড. খন্দকার আলমগীর হোসেন বলেন, বর্তমান বিশ্বে প্রতিযোগিতা মূলক কর্মবাজারে টিকে থাকতে দক্ষতার কোনো বিকল্প নেই। বিশেষ করে তথ্যপ্রযুক্তি ও কারিগরি শিক্ষায় প্রশিক্ষিত জনশক্তি দেশ-বিদেশে ব্যাপক চাহিদাসম্পন্ন। তাই তরুণ-তরুণীদের সময়োপযোগী দক্ষতা অর্জনের মাধ্যমে নিজেদের যোগ্য করে গড়ে তুলতে হবে। তিনি আরও বলেন, গাক দীর্ঘদিন ধরে দারিদ্র্য বিমোচন, মানবসম্পদ উন্নয়ন এবং কর্মসংস্থান সৃষ্টিতে কাজ করে যাচ্ছে। কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে তরুণদের আত্মনির্ভরশীল হিসেবে গড়ে তোলাই এ প্রতিষ্ঠানের অন্যতম লক্ষ্য। প্রশিক্ষণার্থীরা অর্জিত জ্ঞান ও দক্ষতাকে কাজে লাগিয়ে আত্ম কর্মসংস্থান সৃষ্টি করবে এবং দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
বিশেষ অতিথি ড. মো. মাহবুব আলম বলেন, একটি প্রশিক্ষণের সফলতা শুধু সনদ অর্জনের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং শেখা জ্ঞান ও দক্ষতাকে বাস্তব কর্মক্ষেত্রে কার্যকরভাবে প্রয়োগ করার মধ্যেই এর প্রকৃত সার্থকতা নিহিত। তিনি প্রশিক্ষণার্থীদের নিয়মিত অনুশীলনের মাধ্যমে নিজেদের দক্ষতা আরও উন্নত করার পাশাপাশি প্রযুক্তিগত পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে চলার আহ্বান জানান। একই সঙ্গে তিনি পেশাগত সততা, শৃঙ্খলা ও নৈতিকতা বজায় রেখে কর্মজীবনে এগিয়ে যাওয়ার পরামর্শ দেন। অনুষ্ঠানে অন্য বক্তারা বলেন, দেশের ক্রমবর্ধমান শিল্প ও সেবা খাতের চাহিদা পূরণে দক্ষ জনশক্তি তৈরি করা অত্যন্ত জরুরি। এ ধরনের কারিগরি প্রশিক্ষণ কর্মসূচি তরুণদের কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি করার পাশাপাশি দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতেও ইতিবাচক ভূমিকা রাখছে। অনুষ্ঠানের শেষপর্বে প্রশিক্ষণ সফলভাবে সম্পন্নকারী প্রশিক্ষণার্থীদের হাতে সনদপত্র তুলে দেওয়া হয়। এ সময় প্রশিক্ষণার্থীরা গাক ইন্সটিটিউট অব টেকনোলজির মানসম্মত প্রশিক্ষণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং অর্জিত দক্ষতাকে কাজে লাগিয়ে নিজেদের প্রতিষ্ঠিত করার প্রত্যয় ব্যক্ত করেন। সমাপনী অনুষ্ঠানে গাক ইন্সটিটিউট অব টেকনোলজির কর্মকর্তা, কর্মচারী, প্রশিক্ষক, বিভিন্ন বিভাগের প্রতিনিধিসহ প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের মধ্য দিয়ে দক্ষ মানবসম্পদ গড়ে তোলার ক্ষেত্রে গাক’র চলমান উদ্যোগের প্রতি পুনরায় অঙ্গীকার ব্যক্ত করা হয়।
শেয়ার করুন: